ঢাকায় মোমেনের সঙ্গে বৈঠক করে গেলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাংয়ের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন
ছবি: সংগৃহীত

চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাং প্রায় এক ঘণ্টার জন্য ঢাকায় যাত্রাবিরতি করে গেছেন। সোমবার দিবাগত রাত ১টা ৫৮ মিনিটে তাঁকে বহনকারী উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ছিন গ্যাংকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এরপর দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে একটি বৈঠক হয়। বৈঠক শেষে রাত ২টা ৫০ মিনিটে আফ্রিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা দেওয়ায় চীনের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে। এ সময় চীনের সঙ্গে বাংলাদেশের বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতির বিষয়ে ছিন গ্যাংকে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী।

চীনের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার কথা ছিলো। কিন্তু দীর্ঘদিন পার হলেও বাংলাদেশি ব্যবসায়ীরা সেই সুবিধা পাচ্ছেন না। এ বিষয়ে ঘোষণা দিতে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন আব্দুল মোমেন। পদ্মাসেতুসহ বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে চীনের সহযোগিতার বিষয় আলোচনায় স্থান পায়।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাংকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা এক চায়নায় বিশ্বাস করি। এটা আমাদের মূলনীতি। এটা আমাদের পররাষ্ট্রনীতি। আমাদের সবাইকে নিয়েই চলতে হয়। সুতরাং আমরা আপনাদের (চীনকে) টাইম টু টাইম সাপোর্ট দেবো।’ 

চীনের প্রেসিডেন্ট সি পিংয়ের বাংলাদেশ সফরের সময় অর্থ সহায়তার বেশ কিছু চুক্তি সই হয়েছিল। কিন্তু সবগুলো এখনো বাস্তবায়ন হয়নি। সেই বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন আব্দুল মোমেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন ছিন গ্যাং। জবাবে আব্দুল মোমেন তাঁকে আরও বেশি সময়ের জন্য বাংলাদেশ সফরের প্রস্তাব দিয়েছেন।

ইথিওপিয়াসহ আফ্রিকার পাঁচ দেশ সফরে যাওয়ার পথে চীনের পররাষ্ট্রমন্ত্রী এই যাত্রাবিরতি করেছেন। ছিন গ্যাংকে বহনকারী উড়োজাহাজটি বেইজিং থেকে আফ্রিকা যাওয়ার পথে জ্বালানি সংগ্রহের জন্য ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

যুক্তরাষ্ট্রে চীনের সাবেক রাষ্ট্রদূত ছিন গ্যাং সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন গতকাল বেইজিংয়ে নিয়মিত ব্রিফিংয়ে জানান, আফ্রিকার পাঁচ দেশ ইথিওপিয়া, গ্যাবন, অ্যাঙ্গোলা, বেনিন ও মিসর সফরে যাচ্ছেন ছিন গ্যাং। ১৬ জানুয়ারি পর্যন্ত তিনি এই পাঁচ দেশ সফর করবেন।

প্রসঙ্গত, চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উয়ি ২০১৭ সালের জানুয়ারিতে আফ্রিকা যাওয়ার পথে ঢাকায় কয়েক ঘণ্টার যাত্রাবিরতি করেছিলেন। সেবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। ২০১৬ সালের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ঐতিহাসিক সফরের পর সেবার ঢাকায় যাত্রাবিরতি করেছিলেন চীনের তখনকার পররাষ্ট্রমন্ত্রী। ওই সময় চীনের প্রেসিডেন্টের সফরে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে তিনি তখনকার পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনা করেছিলেন।