নতুন ভবনে ইউটিলিটি-সুবিধা পেতে করণীয়

বাড়ি নির্মাণের পর পানি, গ্যাস ও বিদ্যুতের ব্যবস্থা করা খুবই গুরুত্বপূর্ণ তিনটি কাজ
ছবি: প্রথম আলো

নতুন বাড়ি বা ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় উপকরণ ইট, সিমেন্ট, রড ও বালু। বিভিন্ন ধাপ পেরিয়ে আপনি যখন অবকাঠামো নির্মাণ শেষ করবেন, তখন আপনাকে ভাবতে হবে বাড়িটি বসবাসের উপযোগী হিসেবে গড়ে তোলার বিষয়াদি নিয়ে। এ জন্য আপনার দরকার হবে পানি, গ্যাস ও বিদ্যুতের ব্যবস্থা করা। এ তিনটি অতি–প্রয়োজনীয় সেবা সরকারি ব্যবস্থাপনায় চলার কারণে আপনাকে যেতে হবে কিছু নিয়মের মধ্য দিয়ে। পানি, গ্যাস ও বিদ্যুৎ–সংযোগ পাওয়ার জন্য কয়েকটি ধাপ পার হতে হবে। সেগুলো কী কী, জানা যাক।

পানি-সংযোগ

পানি ছাড়া সংসারে একদিনও চলা সম্ভব নয়। বাসাবাড়িতে পানি ব্যবহার হয় সবচেয়ে বেশি। নিত্যপ্রয়োজনীয় প্রায় সব কাজেই আছে পানির ব্যবহার। তাই নতুন বাড়িতে বসবাস শুরুর আগেই নিতে হবে পানির সংযোগ। পানির নতুন সংযোগের ক্ষেত্রে ওয়াসা ভবনের হিসাব বিভাগ অথবা ওয়াসার জোনাল অফিস থেকে নির্দিষ্ট টাকার বিনিময়ে গ্রাহককে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এ ছাড়া কেউ যদি চান তাহলে ওয়েবসাইট (dwasa.org.bd) থেকেও আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদন ফরম পূরণ করে জমির মালিকানাসংক্রান্ত অন্যান্য তথ্য ও প্রমাণপত্র, ছবি ইত্যাদি সত্যায়িত করে সংশ্লিষ্ট জোনের নির্বাহী প্রকৌশলীর দপ্তরে দাখিল করতে হবে। রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা বিভাগের নির্দিষ্ট এলাকায় ওয়াসার সেবা গ্রহণ করা যাবে।

আবেদন করবেন যেভাবে: আপনি বাড়ির মালিক বা ভাড়াটে যা-ই হোন না কেন, পানির সংযোগ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। ভাড়াটে আবেদনকারীর ক্ষেত্রে মালিকের কাছ থেকে সংযোগ গ্রহণের ক্ষমতা বা অনাপত্তিপত্র জমা দিতে হবে। এরপর যথাযথ নিয়ম মেনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে সংশ্লিষ্ট অফিসে। তবে পানি-সংযোগ নেওয়ার কাজ বাড়ি নির্মাণের শুরু থেকেই করা উচিত। কারণ, পানির সংযোগ নেওয়ার প্রক্রিয়া একটু সময়সাপেক্ষ। প্রক্রিয়া শেষে আপনার নামে ‘ডিমান্ড নোট’ ইস্যু করা হবে। ডিমান্ড নোট অনুসারে নির্ধারিত ফি ব্যাংকে জমা দিতে হবে। সব নিয়ম মেনে আবেদনের পর অপেক্ষার পাশাপাশি আপনাকে মাঝেমধ্যে পানি–সংযোগদানকারী অফিসে গিয়ে খোঁজখবর নিতে হবে।

বিদ্যুৎ-সংযোগ

বাড়ি বা ভবন নির্মাণের শুরু থেকেই বিদ্যুৎ-সংযোগ প্রয়োজন। এই প্রক্রিয়া তুলনামূলক সহজ। কারণ, বিদ্যুৎ-সংযোগ দেওয়ার অবকাঠামো আগেই তৈরি থাকে। আবেদন করার পর ভবনে বিদ্যুৎ–সংযোগ দেওয়া হয়। প্রথমেই বিদ্যুতের নতুন সংযোগ স্থাপনের জন্য আবেদনকারীকে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। তারপর ক্যাশ শাখায় ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার পর সংশ্লিষ্ট অফিস প্রধান ওয়্যারিং পরিদর্শককে কাজ শুরু করার দায়িত্ব প্রদান করবেন।

আবেদন করবেন যেভাবে: আবেদন ফরমে ছবি, জাতীয় পরিচয়পত্র ও সংযোগস্থলের খারিজের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। সার্ভিস ড্রপের দূরত্ব নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। বাসাবাড়ি ও কমার্শিয়াল (বাণিজ্যিক) কাজের ব্যবহারের ধরন কিছুটা আলাদা। মোট লোড ৮০ কিলোওয়াটের বেশি হলে এইচটি সংযোগের নিয়মাবলি প্রযোজ্য হবে। প্রয়োজনীয় অর্থ জমাদানসহ সব নির্দেশনা মুঠোফোনে বার্তা দিয়ে জানানো হবে। তাই আবেদনের সময় আবেদনকারীর নিজের ব্যবহৃত মুঠোফোন নম্বর দেওয়া উচিত।

গ্যাস-সংযোগ

২০০৯ সাল থেকে সারা দেশে নতুন আবাসিক ভবনে গ্যাস-সংযোগ বন্ধের নির্দেশ দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ। ২০১৭ সাল থেকে নির্দেশটি এখনো বহাল আছে। বাসাবাড়িতে এখন নতুন কোনো গ্যাস-সংযোগ দেওয়া হচ্ছে না।