বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বাঙ্গনে তুলে ধরতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন
ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্ব পরিমণ্ডলে প্রতিষ্ঠিত করতে পদক্ষেপ নেবে। পাশাপাশি নতুন প্রজন্মের চিন্তাধারার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের সংস্কৃতির বিকাশে জোরালো উদ্যোগ নেবে। যাতে নতুন প্রজন্ম তাদের সংস্কৃতির স্বাতন্ত্র্য ভুলে না যায়।

ছয়টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একটির উদ্বোধন উপলক্ষে আজ মঙ্গলবার সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরে আয়োজিত এই অনুষ্ঠানে যুক্ত হন।

শেখ হাসিনা বলেন, ‘আমরা যেমন আর্থসামাজিক অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছি, তেমনি আমাদের সাংস্কৃতিকভাবেও এগিয়ে যেতে হবে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব, যাতে আমাদের সংস্কৃতি বিশ্বাঙ্গনে একটি শক্তিশালী অবস্থান নিতে পারে।’

বর্তমান সরকার সংস্কৃতির আরও উন্নতির জন্য প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করতে কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নতুন প্রযুক্তির আবির্ভাবে বাচ্চাদের চিন্তাভাবনা ও বিশ্বাস সর্বদা পরিবর্তিত হচ্ছে। তাদের চিন্তাধারা অনুযায়ী দেশের সংস্কৃতিকে উন্নত করতে হবে। যাতে তারা কখনই বাংলাদেশের সংস্কৃতিকে ভুলে না যায়।

বাংলাদেশের সংস্কৃতির উন্নতি ও বিকাশের জন্য অতীতের মতো প্রয়োজনীয় যা কিছু করা দরকার, সে ব্যাপারে বর্তমান সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা। তিনি বলেন, তাঁর সরকার ইতিমধ্যে ১ হাজার ৮৬২ কোটি টাকা ব্যয়ে ৪১টি উন্নয়ন প্রকল্প সম্পন্ন করেছে। বাংলাদেশি সংস্কৃতির উন্নয়নে গত সাড়ে ১৪ বছরে আরও ১৪টি প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি অপর ৪১টি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

কেউ যদি কোনো দেশকে ধ্বংস করতে চায়, তাহলে সংস্কৃতির ওপর আক্রমণ করবে—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশকে সাংস্কৃতিকভাবে ধ্বংস করার চেষ্টা করেছিল। তারা নিশ্চিত পরাজয় জেনে মুক্তিযুদ্ধের শেষের দিকে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল।

সরকারপ্রধান বলেন, ‘আমরা সব সময় আমাদের সংস্কৃতিকে ধারণ করার পাশাপাশি এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং এইভাবে দেশকে এগিয়ে নিতে হবে।’
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার ২০০৯ সাল থেকে বাঙালি জাতির ইতিহাস, সংস্কৃতি, মুক্তিযুদ্ধের চেতনা, সাহিত্য ও গবেষণামূলক কাজকে রক্ষা-সংরক্ষণ করে প্রযুক্তিগত জ্ঞানসম্পন্ন একটি শিক্ষিত জাতি গঠনে কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ব প্রযুক্তি দ্বারা আঁকড়ে আছে। প্রজন্মের পর প্রজন্ম জাতিকে আধুনিক ও জ্ঞানভিত্তিক গড়ে তুলতে আমাদের সংস্কৃতির সঙ্গে প্রযুক্তিকে যুক্ত করতে হবে।’

প্রধানমন্ত্রী আজ যে ছয়টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, সেগুলো হলো গণগ্রন্থাগার অধিদপ্তরের জন্য নতুন বহুতল ভবন, পুরান ঢাকার রোজ গার্ডেন, ঢাকায় কবি নজরুল ইনস্টিটিউট ভবন, কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিল্পকলা একাডেমি ও আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র, ময়মনসিংহের মুক্তাগাছা সাংস্কৃতিক কেন্দ্র এবং জাতীয় জাদুঘরে শিশু গ্রন্থাগার। এ ছাড়া তিনি কপিরাইট ভবনের একটি নবনির্মিত ১২ তলা ভবন আজ উদ্বোধন করেন।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বাংলা একাডেমির এক অনুষ্ঠানে একটি সাংস্কৃতিক দর্শন দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ‘স্বাধীন জাতি হিসেবে নিজেদের পায়ে দাঁড়াতে হলে আমাদের দেশের ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ব অঙ্গনে প্রতিষ্ঠিত করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, জাতির পিতার সাংস্কৃতিক দর্শন প্রতিষ্ঠা করা আমাদের কর্তব্য।’

দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিতে শেখ হাসিনা তাঁর সরকারের গৃহীত পদক্ষেপের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ পিছিয়ে নেই। দেশব্যাপী ওয়াই–ফাই সংযোগ রয়েছে। প্রতিটি বাড়িতে বিদ্যুৎ রয়েছে। এমনকি ইউনিয়ন পর্যায়েও মানুষের অবস্থার আমূল পরিবর্তন হয়েছে।

তৃণমূল পর্যায়ে সাংস্কৃতিক চর্চা পৌঁছে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘তৃণমূল পর্যায়ে আমাদের অনেক লুকানো প্রতিভা রয়েছে। তাদের নিয়ে আমাদের প্রচার করতে হবে। এবং জাতীয় পর্যায়ে তাদের মূল্যায়ন করতে হবে। তাই আমাদের সাংস্কৃতিক চর্চা জেলা ও উপজেলা পর্যায় ছাড়াও ইউনিয়ন পর্যায়েও নিয়ে যেতে হবে।’

বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় উদার হবে—এই প্রত্যাশা ব্যক্ত করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘সুতরাং এই মানসিকতা এবং চেতনাকে আরও বিকাশের জন্য ব্যবস্থা নেওয়া দরকার।’

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ইতিমধ্যে বাংলাদেশের সাংস্কৃতিক চর্চাকে বিকশিত ও সমৃদ্ধ করতে অনেক প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে আরও পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে বক্তৃতা করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ।