শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে গণসংহতির বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে আজ শনিবার বিক্ষোভ সমাবেশ করে গণসংহতি আন্দোলন। সমাবেশ থেকে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান ও যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুবুল আলমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়
ছবি: জুয়েল শীল

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান ও যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুবুল আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে আজ শনিবার দুপুর ১২টার দিকে এ বিক্ষোভ সমাবেশ করে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা শাখা।

বিক্ষোভ সমাবেশে গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলার সমন্বয়কারী হাসান মারুফ বলেন, গত ২৬ মার্চ প্রথম আলো যে প্রতিবেদন অনলাইনে প্রকাশ করেছে, সেটি যথার্থ। একজন দিনমজুর ভাতের অধিকার চেয়েছেন। মাছ-মাংসের অধিকার চেয়েছেন। বাজারে মুরগির দাম লাফিয়ে বাড়ছে। এসব বিষয় নিয়ে সংবাদ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এসব নিয়ে নিউজ করার জন্য গভীর রাতে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে তুলে নেওয়া হয়েছে।

শামসুজ্জামানের মুক্তির দাবি জানিয়ে হাসান মারুফ বলেন, ‘কোন আইনের বলে মধ্যরাতে দেশের একজন নাগরিক ও সাংবাদিককে গ্রেপ্তার করতে যান? কোনো রাষ্ট্র এখানে আছে? এর নাম কি স্বাধীনতা? এর নাম কি মৌলিক অধিকার?’

বিক্ষোভ সমাবেশে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার নির্বাহী সমন্বয়কারী ফরহাদ জামান, সম্পাদকমণ্ডলীর সদস্য মোর্শেদ আলম, সীতাকুণ্ড উপজেলার আহ্বায়ক জাহিদুল আলম, চান্দগাঁও থানার সদস্যসচিব শেখ মইনুল আজাদ, চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম আহ্বায়ক চিরন্তন চিরু, পাঁচলাইশ থানার সম্পাদক প্রকাশ মজুমদার, চান্দগাঁও থানা কমিটির আহ্বায়ক শেখ ইকবাল, নগর নেতা সাধন দত্ত, জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রীধাম কুমার শীল প্রমুখ যোগ দেন।