চট্টগ্রামে ব্রয়লার মুরগির দাম কমায় কিছুটা স্বস্তি, দাম বেড়েছে সবজির

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় মুরগির দোকান
ছবি: প্রথম আলো

পোলট্রি খাতের চার প্রতিষ্ঠান খামার পর্যায়ে ১৯০-১৯৫ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রির ঘোষণা দেওয়ার পর চট্টগ্রামে খুচরা বাজারে দাম কমেছে ব্রয়লার মুরগির। চট্টগ্রাম নগরের বাজারগুলোতে রমজানের শুরুর দিকে ২৪০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকায়।
আজ শুক্রবার নগরের চকবাজার এলাকায় ঘুরে দেখা গেছে, প্রায় ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। তবে দাম কমেনি সোনালি মুরগির। আজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৩৮০ টাকায়। ১০ টাকা কমে প্রতি ডজন মুরগির ডিম বিক্রি হচ্ছে ১২০টাকায়।

চকবাজারে মুরগি কিনতে আসা বেসরকারি কর্মকর্তা রুহুল আমিন বলেন, বাচ্চারা মুরগি ছাড়া ভাত খেতে চায় না। তাদের কথা ভেবেই কিনতে হচ্ছে। তবে দাম কমায় কিছুটা স্বস্তিবোধ হচ্ছে। তবু ২০০ টাকার ওপরে।

বিক্রেতারা বলছেন, পাইকারিতে দাম কমেছে। তাই খুচরা বাজারেও এখন দাম কমেছে। তবে এখনো বেচাবিক্রি বেশি হচ্ছে না। অনেক দিন দাম বেশি থাকায় মুরগির বাজারে ক্রেতা কম।

ব্রয়লারের দাম কমলেও বাজারে দাম বাড়তি সবজির। নগরের বিভিন্ন বাজার এলাকায় ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ৮৫ টাকায়। একই দামে বিক্রি হচ্ছে ঢ্যাঁড়স। কচুর লতি ৭০ থেকে ৮০, পটল ৬০ থেকে ৭০ ও করলা ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বহদ্দারহাট এলাকায় সবজি বিক্রেতা বলেন, নতুন সবজি এলে দাম বাড়তি থাকে। বাজারে সরবরাহ বাড়তে থাকলে দাম কমে যাবে। তবে বাজারে এখন ক্রেতা নেই। নিত্যপণ্যের দাম বাড়ার কারণে মানুষ খুব কম বাজারে আসছেন।

বহদ্দারহাট বাজারের মুরগির দোকান

ক্রেতারা বলছেন, এখনো অনেকেই নিজেদের বেতন–ভাতা পাননি। এর মধ্যে বাজারে সবজির দামও বাড়তি। তাই সংসার চলছে কষ্টে।

ইফতারের একটি অনুষঙ্গ গাজর বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকায়। এ ছাড়া আলু ২০ থেকে ২৫ ও শসা ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া লেবু বিক্রি হচ্ছে আকারভেদে প্রতি জোড়া ১৫ থেকে ২৫ টাকায়।

শীতের বিদায়ে শীতকালীন ফুলকপি প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বাঁধাকপি ২০ থেকে ২৫, বেগুন ও মিষ্টিকুমড়া ৩০ থেকে ৩৫, শিম ৪৫ থেকে ৫৫, চিচিঙ্গা ৬০ থেকে ৬৫, কচুমুখি ৫০ থেকে ৬০ ও লাউ ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।