
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদের বাংলাদেশ দূতাবাসকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিহত ব্যক্তিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে।
সালেহ শিবলী আরও জানান, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুততম সময়ে মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
গতকাল সোমবার রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনে ১৬ জন বাংলাদেশি প্রাণ হারান।