অভিযানে হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়
অভিযানে হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়

হাসপাতালের ছাদে মশার প্রজননস্থল, জরিমানা

হাসপাতালের ছাদে জমে ছিল পানি। সেই পানিতে মশা বংশবিস্তার করেছে। সারা দেশে চলছে ডেঙ্গুর প্রকোপ। পরিস্থিতির অবনতি হচ্ছে দিন দিন। কিন্ত এরপরও ছাদে জমে থাকা পানি নিষ্কাশনে মনোযোগ ছিল না হাসপাতাল কর্তৃপক্ষের। চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করার পরে সেই পানি পরিষ্কার করা হয়েছে।  

আজ সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের বেসরকারি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে এ অভিযান চালায় চট্টগ্রাম সিটির ভ্রাম্যমাণ আদালত। হাসপাতালের একটি ভবনের ছাদে মশার প্রজননস্থল খুঁজে পায় আদালত। এ অভিযানেই আরও চার ভবনমালিককে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেছেন, তাঁরা এখন পুরোনো ভবন থেকে নতুন ভবনে হাসপাতালের কার্যক্রম স্থানান্তর করছেন। তাই নতুন ভবন নিয়ে বেশি মনোযোগ ছিল। পুরোনো ভবনে তেমন কোনো মনোযোগ দেওয়া হয়নি। এ কারণে ভবনে পানি জমে ছিল। তবে সেখানে কোনো মশার লার্ভা পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

আজ সকাল সাড়ে ১০টায় অভিযান শুরু হয়। অভিযানে ড্রোন উড়িয়ে নগরের আগ্রাবাদ আবাসিক এলাকার বিভিন্ন ভবনের ছাদ পর্যবেক্ষণ করা হয়। এ সময় বেশ কিছু ভবনের ছাদে পানি জমে থাকতে দেখা যায়। এসব ভবনের মধ্যে পাঁচটিতে মশার প্রজননস্থল পান ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে অংশ নেওয়া সিটি করপোরেশনের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ড্রোন দিয়ে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা এবং এর পাশের সরকারি-বেসরকারি ভবনের ছাদ পর্যবেক্ষণ করা হয়। যেসব ভবনে মশার প্রজননস্থল পাওয়া গেছে তাদের জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটি বেসরকারি হাসপাতাল রয়েছে। আর ছাদে পানি থাকলে সতর্ক করা হয়েছে।

এদিকে আজ চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত জেনারেল হাসপাতালে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষার কার্যক্রম উদ্বোধন করেছেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। ডেঙ্গুর প্রকোপ কমে না আসা পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

মেয়র রেজাউল করিম বলেন, দরিদ্র মানুষ যাতে অর্থাভাবে ডেঙ্গু পরীক্ষা থেকে বঞ্চিত না হয়, সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। যত দিন ডেঙ্গু না কমবে, তত দিন এ কার্যক্রম চলবে। ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়লে প্রয়োজনে আরও হাসপাতালে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষার কার্যক্রম চালু করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর জহর লাল হাজারী ও আবদুস সালাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী ও স্বাস্থ্য কর্মকর্তা মো. ইমাম হোসেন।