সাগরে ডুবে যাওয়া যাত্রীকে উদ্ধার করা মামুন মাঝিকে সম্মাননা দিল ইয়ামাহা রাইডারস ক্লাব

চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্দ্বীপে ঢেউয়ের ধাক্কায় লাইফবোট থেকে পড়ে যাওয়া যাত্রীকে উদ্ধার করেন মাঝি মো. মামুন। এ ঘটনায় ইয়ামাহা রাইডার্স ক্লাবের চট্টগ্রাম শাখার সদস্যরা মামুনকে সম্মাননা দেন। পরিবার নিয়ে ঈদ উদ্‌যাপনের জন্য খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয় মামুনের হাতে।

১৫ জুন দুপুরে সীতাকুণ্ডের কুমিরা থেকে লাইফবোটে ৪০ জন যাত্রী নিয়ে সন্দ্বীপে যাচ্ছিলেন নৌকার মাঝি মো. মামুন। সন্দ্বীপ চ্যানেলে হঠাৎ ঢেউয়ের ধাক্কায় একজন যাত্রী পড়ে যান। ওই যাত্রী সাঁতার জানতেন না আর লাইফজ্যাকেটও ছিল না। ডুবে যাওয়ার মতো অবস্থায় যাত্রীর প্রাণ বাঁচাতে সমুদ্রে ঝাপ দেন মামুন মাঝি।

উদ্ধার করেন ওই যাত্রীকে। ঘটনাটি শুনে ইয়ামাহা রাইডারস ক্লাব চট্টগ্রাম শাখার সদস্যরা মো. মামুন মাঝিকে সহায়তা করেন। মানুষের প্রাণ বাঁচাতে সাহসী এই পদক্ষেপের জন্য ক্লাবের সদস্যরা তাঁকে সম্মাননা দেন এবং ঈদ উদ্‌যাপনের জন্য খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন মামুনের হাতে।

ইয়ামাহা রাইডারস ক্লাব ইয়ামাহা বাইক ব্যবহারকারীদের নিয়ে গঠিত দেশের অন্যতম একটি বাইকিং কমিউনিটি। ক্লাবের সদস্যরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি সমাজসেবামুলক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন। সিলেটের সুনামগঞ্জের বন্যায় ও সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ক্লাবটি।

বিজ্ঞপ্তি