সাধারণ পোশাক পরিহিত মুক্তিযোদ্ধা গেরিলা বাহিনী
সাধারণ পোশাক পরিহিত মুক্তিযোদ্ধা গেরিলা বাহিনী

বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই চলছে, বাদ পড়বেন ‘ভুয়া’রা: মন্ত্রী

বীর মুক্তিযোদ্ধাদের তালিকা আবার যাচাই চলছে জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ভুয়া ব্যক্তিদের পর্যায়ক্রমে তালিকা থেকে বাদ দেওয়া হবে।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মুক্তিযুদ্ধবিষয়ক নতুন মন্ত্রী। তবে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।

হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই করছে। ইতিমধ্যে ৩০০ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দিয়েছে। এটা চলমান প্রক্রিয়া। যা কিছু সুযোগ-সুবিধা আছে, তা যাতে প্রকৃত মুক্তিযোদ্ধারা পান, এ জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা পর্যায়ক্রমে বাদ দেওয়া হবে।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যাঁরা অন্যায়ভাবে আর্থিক সুবিধা পেয়েছেন, সেগুলো আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

বাংলাদেশের স্বাধীনতার অর্ধশতক পার হলেও এখনো বীর মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত হয়নি। এখন পর্যন্ত বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় সংযোজন-বিয়োজন হয়েছে সাতবার। বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও মানদণ্ড বদলানো হয়েছে ১২ বার। সর্বশেষ পরিবর্তনটি হয় বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে হাফিজ উদ্দিন বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সম্পর্কে সরকারপ্রধানকে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীও কিছু নির্দেশনা দিয়েছেন।

জুলাই যোদ্ধাদের কল্যাণের বিষয়ে প্রধানমন্ত্রী ‘অত্যন্ত সজাগ’ জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, এখন পর্যন্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এ বিষয়ে প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন।

জুলাই যোদ্ধাদের জন্য নেওয়া অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন মন্ত্রী। এ ছাড়া আরও বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।