
পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলী হোসেন ফকির। একই দিন আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন আইজিপির দায়িত্ব পালন করে আসা বাহারুল আলম। আজ বুধবার দুপুরে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে বাহারুল আলমের বিদায় ও আলী হোসেনের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পান আলী হোসেন। এর আগে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
আজ পুলিশ সদর দপ্তরের অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাঁরা বিদায়ী আইজিপির বর্ণিল কর্মজীবনের নানা দিক সম্পর্কে স্মৃতিচারণা করেন এবং সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করেন।
এ সময় নবনিযুক্ত আইজিপি আলী হোসেনকে স্বাগত জানিয়ে তাঁকে পেশাদার কর্মকর্তা উল্লেখ করেন বক্তারা। তাঁরা বলেন, আলী হোসেনের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের মর্যাদা ও ভাবমূর্তি এক অনন্য উচ্চতায় উন্নীত হবে।
বাহারুল আলম তাঁর কর্মকালীন সময়ে ঐকান্তিকভাবে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। আলী হোসেন ফকিরকে একজন দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, নবনিযুক্ত আইজিপি বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হবেন।
নবনিযুক্ত আইজিপি আলী হোসেন দায়িত্ব পালনকালে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘আমরা দেশের উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকব।’
আলী হোসেন ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য। তাঁর বাড়ি বাগেরহাটে। আর বাহারুল আলমকে ২০২৪ সালে ২০ নভেম্বর দুই বছরের জন্য আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। চুক্তি অনুযায়ী তাঁর মেয়াদ আরও প্রায় ৯ মাস বাকি থাকতে নতুন আইজিপি নিয়োগ পেলেন।