ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন সেমিস্টারের নবীনবরণ

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ২০২৩ সালের গ্রীষ্মকালীন সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে
ছবি: সংগৃহীত

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ২০২৩ সালের গ্রীষ্মকালীন সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রীষ্মকালীন সেমিস্টারে স্নাতক ও স্নাতকোত্তরে ১ হাজার ৪০০ জনের বেশি শিক্ষার্থীকে বরণ করা হয়েছে। নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন, শিক্ষা কার্যক্রম ও সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। এ সময় শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। এ ছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এম শহিদুল হাসান, সহ-উপাচার্য মুহাম্মাদ জিয়াউল হক ও বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের ডিনরা।  

অনুষ্ঠানে বক্তারা কঠোর অধ্যবসায়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনকে কাজে লাগিয়ে দেশের সুনাগরিক এবং ভবিষ্যতে নেতৃত্বদানের জন্য তৈরি হতে নবীন শিক্ষার্থীদের আহ্বান জানান। একই সঙ্গে একাডেমিক শিক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্লাব, লাইব্রেরি ও গবেষণাগারের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নিজের গুণাবলির বিকাশ ঘটানোর তাগিদ দেন।