লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটির আটকাদেশ প্রত্যাহার

হাইকোর্ট
ফাইল ছবি

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে মোংলা সমুদ্রবন্দরে আসা এমভি পানাগিয়া কানালা নামে লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে দেওয়া আটকাদেশ প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আজ শনিবার এ আদেশ দেন।

ওই জাহাজের নামে ২ কোটি ৯৯ লাখ ৪৫ হাজার ১৮২ দশমিক ৬৬ টাকা জ্বালানির মূল্য আদায়ে চায়নার সিসিএক্স শিপিং কোম্পানি লিমিটেডের পক্ষে আবুল হাসান নামের এক প্রতিনিধির করা মামলার পরিপ্রেক্ষিতে গত বুধবার হাইকোর্টের একই বেঞ্চ জাহাজটি আটকের আদেশ দেন। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত জাহাজটি যাতে বাংলাদেশের জলসীমা ত্যাগ না করতে পারে, সে জন্য বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, মামলার বাদী ও জাহাজ মালিকের মধ্যে ইতিমধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। এ অবস্থায় আটকাদেশ প্রত্যাহারের আরজি জানায় বাদীপক্ষ। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি আজ কার্যতালিকায় ওঠে।

আজ আদালতে বাদীপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, সিঙ্গাপুরে থাকা অবস্থায় জ্বালানির মূল্য হিসেবে ওই অর্থ দাবি করা হয়। মামলার বাদী ও জাহাজমালিকের মধ্যে ১৪ জুলাই করা সমঝোতা চুক্তি অনুসারে ওই অর্থ জাহাজমালিক একটি ব্যাংক হিসাবে জমা রাখবেন এবং লন্ডনে সালিসের মাধ্যমে পাওনা দাবি নিয়ে বিরোধের নিষ্পত্তি হবে। চুক্তি অনুসারে বাদীপক্ষ আগামী কার্যদিবসে (রোববার) মামলাটি প্রত্যাহারের জন্য হাইকোর্টে লিখিত আবেদন দেবেন। এ অবস্থায় মৌখিকভাবে জাহাজটির আটকাদেশ প্রত্যাহার চাওয়া হলে আদালত তা মঞ্জুর করেন। আর কয়লা খালাসে আগেও কোনো বাধা ছিল না, এখনো নেই।

ওই আদালতে রাষ্ট্রপক্ষে নিয়োজিত সহকারী অ্যাটর্নি জেনারেল বাহার উদ্দিন আল-রাজী প্রথম আলোকে বলেন, হাইকোর্ট জাহাজটিকে আটকের যে আদেশ দিয়েছিলেন, তা তুলে নিয়েছেন। ফলে কয়লাবাহী জাহাজটি স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবে।

বৃহস্পতিবার সকাল ১০টায় রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৩১ হাজার টন কয়লা নিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবাড়িয়া-১১–তে ভেড়ে লাইবেরিয়ার পতাকাবাহী ওই জাহাজ।