
ভর্তুকি মূল্যে নিত্যপণ্য সয়াবিন ও মসুর ডালের পাশাপাশি ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। আনুষ্ঠানিকভাবে গত রোববার উদ্বোধন করা হয়েছে খাদ্য অধিদপ্তর ও টিসিবির এই যৌথ কার্যক্রম। টিসিবি গুদাম থেকে পণ্য সংগ্রহের পর আজ বুধবার থেকে চট্টগ্রাম নগরের টিসিবির পণ্যের সঙ্গে চালসহ বিক্রি করছেন টিসিবির পরিবেশকেরা।
টিসিবির পণ্যের সঙ্গে চাল পাওয়া যাবে, তাই আজ সকাল থেকেই পণ্য কিনতে ভিড় করেছেন ক্রেতারা। সরেজমিনে দুপুর ১২টায় নগরের আন্দরকিল্লা রাজাপুকুর লেন এলাকায় গিয়ে দেখা যায়, টিসিবির পণ্য কিনতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন ৫০ থেকে ৬০ জন। দুপুর সাড়ে ১২টায় পণ্য বিক্রি শুরু হলে ভিড় আরও বাড়তে থাকে।
রাজাপুকুর লেন এলাকায় পণ্য কিনতে আসা বেসরকারি চাকরিজীবী সুবীর চৌধুরী বলেন, আগে খাদ্য অধিদপ্তরের খোলা বাজারে পণ্য বিক্রির (ওএমএস) দোকান থেকে চাল কিনতে হতো। এখন একসঙ্গে হওয়াতে সময় ও শ্রম দুই-ই বাঁচবে।
নগরের বহদ্দারহাট এলাকায় পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে গাড়ির যন্ত্রাংশ মেরামতকারী শ্রমিক আনোয়ার হোসেন বলেন, কম দামে সয়াবিন ও মসুর ডালের সঙ্গে চাল পাওয়াতে ভোক্তাদের সুবিধা হচ্ছে।
এই দুই এলাকায় আরও ১০ জন ভোক্তার সঙ্গে কথা হয়। তাঁরাও জানিয়েছেন, একসঙ্গে নিত্যপণ্য ও চাল পাওয়াতে ভোগান্তি কমেছে তাঁদের। পাশাপাশি বাড়তি সময়ও ব্যয় হচ্ছে না।
টিসিবি সূত্রে জানা গেছে, নগরে বুধবার ৫২ জন পরিবেশক টিসিবির গুদাম থেকে পণ্য সংগ্রহ করেছেন। পণ্য বিক্রির স্থানে খাদ্য অধিদপ্তরের পরিবেশকেরাই টিসিবির পরিবেশকদের কাছে চাল পৌঁছে দেবেন। চট্টগ্রামে জেলা পর্যায়ে ৫ লাখ ৩৫ হাজার ভোক্তা একজন কার্যক্রমের আওতায় চাল পাবেন।
টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক (অফিস প্রধান) জামাল উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, গুদাম থেকে ৫২ জন পরিবেশক সয়াবিন ও মসুর ডাল সংগ্রহ করেছেন। অন্যান্য ডিলারও সংগ্রহ করবেন পর্যায়ক্রমে। খাদ্য অধিদপ্তরের পরিবেশকেরা চাল পৌঁছে দিলে একসঙ্গে বিক্রয় কার্যক্রম শুরু করবেন তাঁরা।
নগরে টিসিবির পরিবার কার্ডধারী প্রায় তিন লাখ ভোক্তা রয়েছে। নগরে এসব ভোক্তার কাছে পণ্য বিক্রি করবে টিসিবি ১২৬ জন পরিবেশক। পরিবার কার্ডধারী একজন ক্রেতা ১০০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল ও ৬০ টাকা দরে দুই কেজি মসুর ডালের পাশাপাশি ৩০ টাকা দরে সর্বোচ্চ ৫ কেজি করে চাল কিনতে পারবেন। সব মিলিয়ে একজন ভোক্তার মোট খরচ পড়বে ৪৭০ টাকা। স্থানীয় বাজার মূল্যের তুলনায় যা অন্তত ৩৮০ টাকা কম।