আঞ্জুমান মুফিদুল ইসলাম

যাকাত ও সদকার টাকা দান করার আহ্বান

মৃতদেহ বহনে রয়েছে আঞ্জুমান মুফিদুল ইসলামের বিশেষ ব্যবস্থা 
ছবি: প্রথম আলো

বেওয়ারিশ লাশ দাফন, বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা ও এতিমদের লালন–পালনসহ নানা সেবামূলক কাজ করে থাকে আঞ্জুমান মুফিদুল ইসলাম। এসব সেবাকে আরো এগিয়ে নিতে সমাজের বিত্তবান মানুষদের পাশে চায় প্রতিষ্ঠানটি। এ জন্য ধর্মপ্রাণ মুসলমানদের যাকাত ও সদকার টাকা আঞ্জুমানে দান করার আহ্বান জানানো হয়েছে।

শনিবার রাজধানীর কাকরাইলে আঞ্জুমান জে আর টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এ আহ্বান জানায়।

সংবাদ সম্মেলনে আঞ্জুমানের ট্রাস্টি ও সহসভাপতি গোলাম রহমান বলেন, আঞ্জুমান মুফিদুল ইসলামের আয়ের প্রধান উৎস ধর্মপ্রাণ মানুষের দান ও সরকারি সহায়তা। এর ধারাবাহিকতায় আঞ্জুমানের অফিসে দান, যাকাত ও সাদকা গ্রহণ করা হয়। কেউ ফোন করলে তাঁর বাসা থেকেও রশিদের মাধ্যমে যাকাত, সাদকা এবং দানের অর্থ সংগ্রহ করা হয়।

গোলাম রহমান আরও জানান, আঞ্জুমানকে দেওয়া সব দান আয়করমুক্ত। এই দানের অর্থ সর্বোচ্চ স্বচ্ছতার সাথে ব্যয় করা হয়। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্নস্থানে ৪৬টি অ্যাম্বুলেন্স ও ফ্রিজিং ভ্যানের মাধ্যমে রোগী ও লাশ পরিবহন করা হচ্ছে। গত ৫ বছরে প্রতিষ্ঠানটি বিনামূল্যে ২২ হাজার ৬৪ জন রোগী পরিবহন করেছে। লাশ পরিবহন করেছে ২ হাজারের বেশি। বেওয়ারিশ লাশ দাফন করেছে তিন হাজার ৩৫০টি। এ ছাড়া সম্প্রতি সমাজের দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদানের অংশ হিসেবে ঢাকা শহরের বস্তি এলাকায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল মেডিকেল সার্ভিস চালু করেছে আঞ্জুমান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আঞ্জুমান মুফিদুল ইসলামের ট্রাস্টি ও সহসভাপতি খলিলুর রহমান, সদস্য ও দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রতিষ্ঠানটির মিডিয়া ও প্রকাশনা বিভাগের পরিচালক আজিম বখ্শ, নির্বাহী পরিচালক আফজাল হোসেন প্রমুখ।