
হঠাৎ সাক্ষাতে পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে একদল চিকিৎসকের দাবি শোনেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন করতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এ চিকিৎসকেরা আজ সচিবালয়ে গিয়েছিলেন। দীর্ঘদিনের বঞ্চনা, প্রশাসনিক জটিলতা এবং ন্যায়সংগত দাবিগুলো বিস্তারিত তুলে ধরতে যান তাঁরা। তবে আনুষ্ঠানিক সাক্ষাতের আগেই অপ্রত্যাশিতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনানুষ্ঠানিক সাক্ষাৎ পেয়ে যান তাঁরা।
এ সময় তাঁরা প্রধানমন্ত্রীর হাতে তাঁদের দাবিগুলো তুলে দেন। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই অত্যন্ত বিনয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তাঁদের আবেদন গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, আকস্মিক এই সাক্ষাতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের পদোন্নতিবঞ্চিত চিকিৎসকেরা তাঁদের দুঃখ-দুর্দশা, প্রশাসনিক বৈষম্য ও পদোন্নতি জটিলতার কথা সরাসরি প্রধানমন্ত্রীকে জানান।
আতিকুর রহমান রুমন আরও বলেন, প্রধানমন্ত্রী তাঁদের কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। দীর্ঘদিনের বঞ্চনা ও অভিযোগসংবলিত লিখিত আবেদনটিও তিনি গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী বরাবর সেই আবেদনপত্র অনুযায়ী, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মোট ১ হাজার ৮২১ কর্মকর্তা দীর্ঘদিন ধরে পদোন্নতিবঞ্চনার অভিযোগ করে আসছেন। তাঁদের দাবি—প্রয়োজনীয় যোগ্যতা, জ্যেষ্ঠতা এবং সব শর্ত পূরণ করা সত্ত্বেও বিগত অন্তর্বর্তী সরকারের আমলে কোনো যৌক্তিক কারণ ছাড়াই তাঁদের পদোন্নতি দেওয়া হয়নি। এতে প্রশাসনিক কাঠামোয় অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে অনেক জুনিয়র কর্মকর্তা পদোন্নতি পেয়ে সিনিয়রদের ওপরে দায়িত্ব পালন করছেন।