
আমার ছোটবেলাটা ছিল ভীষণ আনন্দের। বলরামপুর দাদার বাড়িতে কেটেছিল আমার শৈশব। বয়স আমার তখন তিন–চার বছর। ঈদের সময় আব্বা কলকাতা থেকে দাদার বাড়ি আসতেন। এসে স্যুটকেস মেলে সবার জন্য জামাকাপড় বের করে বিলাতে থাকতেন।
অর্ধেকের বেশি কাপড়ই থাকত মীর্না মায়ের। মীর্না মানে আমি। সবাই আমাকে এই নামেই ডাকত। দাদা বলতেন, ‘বাপ রে, আব্বাস তো দেখি বেটিটার জন্যই সব নিয়ে এসেছে। বেটিকে এত্ত ভালোবাসে, মনে হচ্ছে সব সয়সম্পত্তি ওকেই লিখে দেবে।’ দাদার কথায় হাসির রোল পড়ে যেত।
আব্বা বলতেন, মীর্না মাই আমার সব।
আস্তে আস্তে আমরা বড় হলাম। বলরামপুর থেকে চলে এলাম কলকাতা। সেখানে ঈদ হতো অন্য রকম। কামাল ভাই আর আব্বাসী ভাই—আমার বড় এই দুই ভাইসহ আমাদের তিনজনকে ঈদে একই রকম কাপড় দেওয়া হতো। পায়জামা, পাঞ্জাবি আর টুপি। তিন ভাইবোন সেই পোশাক পরে বাবার সঙ্গে ঈদগাহে যেতাম।
দেশভাগের পর ১৯৪৭ সালে আমরা চলে এলাম ঢাকায়। এসে প্রথমে উঠলাম নারিন্দায়। পরে সেখান থেকে চলে যাই পাতলা খান লেনে। ঢাকার ঈদ ছিল একেবারে আলাদা।
আব্বা একবার একটা সেলাই মেশিন কিনে নিয়ে এলেন। আমার ছিল সেলাইয়ের শখ। ঘরে বসে সেই সেলাই মেশিন দিয়ে সবার জন্য আমি ঈদের কাপড় সেলাই করে দিতাম। ঈদের দিন আব্বা বলতেন, মীর্না মা চলো। আব্বার সঙ্গে আমরা তিন ভাইবোন পাতলা খান লেনের বাড়ি থেকে পুরানা পল্টনের ঈদগাহে যেতাম। সেখানেই হতো সবচেয়ে বড় ঈদের জামাত।
অনেক ঈদ গেছে, যখন আব্বা আমাদের নতুন কাপড় কিনে দেননি। সবাইকে ডেকে বলেছেন, ‘এই ঈদে তোমরা নতুন কাপড় পাবে না। ওই টাকা দিয়ে গ্রামে গরিব আত্মীয়স্বজনকে কাপড় কিনে দেব।’
নতুন কাপড় দেওয়া হবে না শুনে এক ঈদে আমি মন খারাপ করে বসে আছি। আব্বার আমি আহ্লাদী মেয়ে। আব্বা আমার মন খারাপের কারণ বুঝতে পেরে কাছে ডাকলেন। বললেন, ‘মাগো, এসো। আমার সঙ্গে এসো।’
আব্বা হারমোনিয়াম নিয়ে বসলেন। আমার মন আরও খারাপ হলো। ছাই, না পাব নতুন কাপড়, না পাব অন্য কিছু। আব্বা বললেন, ‘মাগো, তোমাকে একটা খুব সুন্দর গান শেখাই।’ এই বলে তিনি আমাকে কাজী নজরুল ইসলামের লেখা গানটা শেখালেন, ‘নাই হলো মা বসন–ভূষণ এই ঈদে আমার,/ আল্লাহ আমার মাথার মুকুট, রসুল গলার হার।’
এই গান আব্বার কণ্ঠেই প্রথম রেকর্ড করা হয়েছিল। আব্বার কাছ থেকে গানটা শিখে মন কিছুটা ভালো হয়ে গেল। কারণ, গানের কথা কিছুটা বুঝতে চেষ্টা করেছিলাম।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সে সময় হতো বড় বড় মানুষের বাড়িতে। তৎকালীন মন্ত্রী আতাউর রহমান খানের বাড়িতে এমন অনুষ্ঠান হতো। সে অনুষ্ঠানে একবার আব্বা আমাকে নিয়ে গেলেন। দিনটির কথা এখনো মনে গেঁথে আছে। আব্বা আমাকে বললেন, ‘মা, তুমি আজ এই গানটা গাইবে।’
সে অনুষ্ঠানে আমি গানটা গাইলাম। এই গানের মধ্য দিয়ে আব্বা মাথায় ঢুকিয়ে দিলেন যে ঈদে নিজে নতুন কাপড় না নিয়ে গরিব আত্মীয়স্বজনকে কাপড় বিলিয়ে দিয়ে ঈদকে আরও আনন্দময় করে তোলা যায়।
পরে তো আমরা পল্টনেই চলে এলাম। সে সময় মহিলাদের আলাদা ঈদের নামাজ হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে। আম্মার সঙ্গে আমিও সেখানে ঈদের নামাজ পড়তে যেতাম। সুফিয়া কামাল বা শামসুর নাহার মাহমুদের মতো বড় বড় অনেকেই আসতেন। বড় চাদর দিয়ে পর্দা টেনে দেওয়া হতো। পর্দার অন্তরাল থেকে ইমাম সাহেব নামাজ পড়াতেন। সুফিয়া কামালকে ফুফু ডাকতাম। নামাজ শেষে তাঁকে সালাম করতাম সব সময়।
বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলেও ঈদ পুনর্মিলনী হতো। সবখানেই সমবেত কণ্ঠে একটা গান হতোই, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ’।
এই গানের সঙ্গে একটা ঘটনা জড়িয়ে আছে। আমরা তখন কোচবিহারে থাকি। আব্বা প্রায়ই কলকাতায় কবি কাজী নজরুল ইসলামের কাছে গিয়ে খুব ঘ্যানঘ্যান করতেন ইসলামি গান লিখে দিতে। মুসলমানরা অনেক পিছিয়ে আছে। তাদের জন্য ভালো গান দরকার।
কবি বললেন, ‘ঠিক আছে লিখে দেব, কিন্তু সে গান তো এইচএমভি রেকর্ড করবে না।’
তবু আব্বা জোঁকের মতো নজরুলের পেছনে লেগে রইলেন। এক রমজানে আব্বা নজরুলকে আবার চেপে ধরলেন। নজরুল এক বসাতে দুটো গান লিখে ফেললেন, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ’, আর ‘ইসলামের ওই সওদা লয়ে এল নবীন সওদাগর’।
এইচএমভি তো কিছুতেই গান রেকর্ড করবে না। আব্বাও নাছোড়বান্দা। আব্বা জরবরদস্তি করে বললেন, ‘আপনারা রেকর্ড করুন। দেখুন কী হয়।’ অবশেষে গান রেকর্ড করা হলো। কবিই সুর করলেন। আব্বা গাইলেন। এইচএমভি আব্বাকে তাদের একটি আউটলেটে ডেকে নিয়ে তাঁর একটা ছবিও তুলে রাখল।
এরপর আব্বা আমাদের জন্য ঈদের কেনাকাটা করে চলে এলেন বলরামপুরে। সেই ঈদে অসম্ভব এক আনন্দের অভিজ্ঞতা হলো। ঈদের পর আব্বা ট্রেনে চড়ে কলকাতা ফিরছেন। ট্রেনের কামরায় বসা তরুণ যাত্রীদের কণ্ঠে একটা গুনগুন সুর তাঁর কানে এসে লাগল। আরে, এ তো ‘রমজানের ঐ রোজার শেষে’ গানটির সুর। এর মধ্যেই গানটি মানুষের ভেতরে ছড়িয়ে পড়েছে। তিনি যখন বাসে চড়লেন, সেখানেও একই ব্যাপার। কলকাতায় আব্বার সঙ্গে দেখা হলে নজরুল বললেন, ‘আব্বাস, কী একটা কাণ্ডই তুমি করিয়ে নিলে। গান তো সুপারহিট।’ এখন তো প্রতি রোজার শেষে ঈদের চাঁদ দেখা গেলেই এই গানে বাংলাদেশ ভেসে যায়। এত বছরে সামান্য পুরোনো তো হয়ইনি, বরং নানাভাবে গাওয়া হচ্ছে।
আমার নিজ কণ্ঠেও বহুবার এই গান করেছি। প্রথম করেছিলাম রেডিওতে। চাঁদ উঠলেই রেডিওতে গানটি বেজে উঠত।
ঈদের রান্নাতেও আমার নিয়মিত অংশগ্রহণ ছিল। হাত পুড়িয়ে ফেলব এই ভয়ে ছোটবেলায় আব্বা আমাকে রান্নাঘরে যেতে দিতেন না। তারপরও আমি যেতাম। আমার কয়েকটা পদ, বিশেষ করে কিমা দেওয়া আলুর চপ বাড়ির সবাই ভালোবাসত। সে সময় আলুর চপের চল ছিল না।
ঢাকায় ঈদের সময় আমাদের বাড়িতে জসীমউদ্দীন, গোলাম মোস্তফা, বরকতুল্লাহ, আবদুল আহাদের মতো বহু কবি–সাহিত্যিক–শিল্পী আসতেন। আমার হাতে ভাজা আলুর চপ সবাইকে দিয়ে আব্বা বলতেন, ‘এটা আমার মীর্না মা করেছে। খাও, খাও।’
আগেরকার সঙ্গে এখনকার ঈদের অনেক পার্থক্য। এখন তো সবকিছু তৈরি কিনতে পাওয়া যায়। আগে সেমাইটা পর্যন্ত বাড়িতে তৈরি হতো। আব্বা সেমাই তৈরির একটা কল কিনে দিয়েছিলেন। মায়ের সঙ্গে আমিও তাতে ঈদের সেমাই বানাতে বসে যেতাম। হ্যান্ডেল ঘোরালে কলের মুখ থেকে নুডলসের মতো সেমাই বের হয়ে আসত। ছাদে সেমাই শুকাতে দিতাম। এখন তো অর্ডার করলে বাড়িতেই চলে আসে।
তবে আব্বার সঙ্গে ঈদটা খুব মিস করি। তিন ভাইবোন সেই যে আব্বার সঙ্গে ঈদগাহে যেতাম। ঈদগাহ থেকে বাড়ি ফেরার পথে আব্বা কিনে দিতেন হাওয়াই মিঠাই বা বেলুন।
আহা, কী যে মধুর ছিল ছোটবেলার ঈদ!