বিতর্কের পর মোহন রায়হানকে বাংলা একাডেমি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত

মনোনীত করলেও নির্ধারিত দিনে কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার না দেওয়ায় উঠেছিল সমালোচনা। এরপর এই কবিকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী ২ মার্চ তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫–এর জন্য মনোনীত হয়েছিলেন মোহন রায়হানসহ ৯ জন। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অন্যদের এই পুরস্কার তুলে দেওয়া হলেও মোহন রায়হানকে দেওয়া হয়নি। নতুন সরকারের সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী তখন বলেছিলেন, মোহন রায়হানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে। এসব বিষয় খতিয়ে দেখে আবার পুরস্কার ঘোষণা করা হবে।

এ নিয়ে সমালোচনার মধ্যে আজ শনিবার সংস্কৃতি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মোহন রায়হানকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এতে বলা হয়, কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিকভাবে এ পুরস্কার দেওয়া স্থগিত রেখে অভিযোগ পর্যালোচনা করার সিদ্ধান্ত হয়। উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করার জন্য ২৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন। অভিযোগগুলো পর্যালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়। আগামী ২ মার্চ বেলা ১১টায় বাংলা একাডেমিতে তাঁকে এ পুরস্কার দেওয়া হবে।

এ সংবাদ বিজ্ঞপ্তি সংস্কৃতি মন্ত্রণালয়ের ফেসবুক পেজেও দেওয়া হয়েছে। বাংলা একাডেমি সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান।

সংস্কৃতি মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানতে চাইলে মোহন রায়হান প্রথম আলোকে বলেন, ‘পুরস্কার নেব কি নেব না, জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভার পর সেটি জানাব।’

আজ বিকেলে কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভা রয়েছে বলে জানান তিনি। মোহন রায়হান বর্তমানে জাতীয় কবিতা পরিষদের সভাপতি।