আন্তর্জাতিক নারী দিবসে ‘মায়ের ডাক’ প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী আয়োজনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে, ৮ মার্চ ২০২৬
আন্তর্জাতিক নারী দিবসে ‘মায়ের ডাক’ প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী আয়োজনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে, ৮ মার্চ ২০২৬

ওই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন: মির্জা ফখরুল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ওই ফ্যাসিস্ট মহিলা এখনো বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এটা সবচেয়ে কষ্ট লাগার বিষয়।’

মির্জা ফখরুল বলেন, ‘আমি মনে করি, এটা একটা ক্রিমিনাল অফেন্স, যেটা মানবতার বিরুদ্ধে একটা অফেন্স।’

গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কথা বলেন মির্জা ফখরুল।

আন্তর্জাতিক নারী দিবসে ‘মায়ের ডাক’ প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। প্রামাণ্য চলচ্চিত্রটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মাণ করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ আমলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। এ সময় তাঁরা আবেগ জড়ানো কণ্ঠে স্বজনকে ফিরে পাওয়ার আকুতি জানান।

এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘এই পরিবারগুলো ও তাঁদের সন্তানদের ভালোভাবে জীবনযাপনের জন্য এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমি এখান থেকে ফিরে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখবে, এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়া অত্যন্ত জরুরি।’

বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুমের শিকার ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যদের অবদান সবচেয়ে বেশি।

বিএনপির সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেন, ‘যে অত্যাচার আমাদের ওপর হয়েছে, তা আমরা আর কারও ওপর হতে দেব না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। তিনি বলেন, ‘এটি শুধু একটি চলচ্চিত্র নয়, এটি একটি সময়ের দলিল হতে যাচ্ছে।’

‘মায়ের ডাক’–এর প্রতিষ্ঠাতা হাজেরা খাতুন বলেন, ‘আপনারা যাঁরা এসেছেন, আমার অনুরোধ, আমার সুমনকে যাতে আমি ফিরে পাই। আপনারা সেই সহযোগিতা করবেন। সুমনের মতো আরও যারা আছে, তাদের সবাইকে আমরা ফিরে পেতে চাই।’

গুমের শিকার বিএনপি নেতা খালেদ হাসান সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা বলেন, ‘১৩ বছর ধরে একই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি। কিন্তু আমার স্বামীর কোনো খোঁজ নেই। ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের কাছে যাই। কিন্তু গুম কমিশন যেসব গুমের শিকার ব্যক্তিরা ফিরে আসেনি, তাদের নিয়ে কিছুই বলেনি।’ তিনি আরও বলেন, ‘আমরা এখন বিচার চাই। যারা গুমের সঙ্গে জড়িত, তাদের বিচার চাই। যারা আমার জীবন থেকে ১৩ বছর কেড়ে নিয়েছে, তাদের বিচার চাই। এমন অসমাপ্ত জীবনে আর থাকতে চাই না।’

‘মায়ের ডাক’–এর সদস্য তানিয়া আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলম, গুমের শিকার বিএনপি কর্মী নাসিরুদ্দিন মন্টুর বোন মিতু আক্তার, সেলিম রেজা পিন্টুর বোন রেহানা বেগম, পারভেজ হোসেনের মেয়ে আদিবা ইসলাম প্রমুখ।

এ সময় ‘মায়ের ডাক’ প্রামাণ্য চলচ্চিত্রের বিষয়বস্তু তুলে ধরেন প্রযোজক লাবিব নাজমুস সাকিব।