পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য, অর্থ ও বিভিন্ন দ্রব্যের লেনদেন এবং স্থানান্তরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সেবা নেওয়া যাবে।
আজ বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য, অর্থ ও বিভিন্ন দ্রব্যের লেনদেন ও স্থানান্তরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সেবা নেওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অধিক পরিমাণ অর্থ ও মূল্যবান দ্রব্য স্থানান্তরের জন্য পুলিশের সহায়তা প্রয়োজন মনে করলে তাদের ডিএমপি এসকর্ট সেবা দেবে। এ ক্ষেত্রে পুলিশ এসকর্ট সেবাপ্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যানবাহনের সংস্থান করতে হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেবাপ্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হলো। কন্ট্রোল রুমের নম্বরগুলো হলো: ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯, ০১৩২০-০৩৭৮৪৫, ০১৩২০-০৩৭৮৪৬। এ ছাড়া জাতীয় জরুরি সেবা নম্বর: ৯৯৯।