
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বিদেশি শক্তির ছায়ায় এ দেশে কেউ ক্ষমতায় আসতে পারবে না। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘আমেরিকার কথায় যাঁরা নাচছেন, তাঁদের আমরা দেখিয়ে দেব, আওয়ামী লীগ নাচাতেও জানে। আমরা আপনাদের নাচাব, আবার আপনারা নির্বাচনেও আসবেন। নির্বাচনে এলে আপনাদের দেশের জনগণ খোদা হাফেজ বলে দেবে। বিদেশি শক্তির ছায়ায় এ দেশে কেউ ক্ষমতায় আসতে পারবে না। এ দেশের মূল মালিক জনগণ।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘এই দেশে সব ধর্মের মানুষ ও সম্প্রদায়ের সমান অধিকার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, একটি পক্ষ সংখ্যালঘুদের ওপর হামলা–নির্যাতন চালাতে চায়। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সত্যিকারের উন্নত, অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ দেশ গড়তে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।’
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ গৌর দাস ব্রহ্মচারী। সম্মানিত অতিথি ছিলেন ইসকন বাংলাদেশের সদস্য চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। স্বাগত বক্তব্য দেন ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এম এ মাসুদ, স্বামী অদ্বৈতানন্দ যোগাশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী অক্ষরানন্দ পুরী মহারাজ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক নিতাই প্রসাদ ঘোষ, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর জহর লাল হাজারী, মোরশেদ আলম, নীলু নাগ, রুমকি সেনগুপ্ত প্রমুখ।
পরে রথযাত্রার বর্ণাঢ্য মহাশোভাযাত্রা প্রবর্তক মোড় থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিনেমা প্যালেস প্রাঙ্গণে শেষ হয়।
এদিকে, কেন্দ্রীয় রথযাত্রা উৎসব উদ্যাপন কমিটির উদ্যোগে মঙ্গলবার বিকেলে নন্দনকানন তুলসীধামের সামনে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন নগর পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়। কেন্দ্রীয় রথযাত্রা উৎসব উদ্যাপন কমিটির সভাপতি রঞ্জন প্রসাদ দাশগুপ্তের সভাপতিত্বে এ সময় স্বাগত বক্তব্য দেন তুলসীধাম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক স্থপতি প্রণত মিত্র চৌধুরী। এ সময় চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের কর্মকর্তা মানিশ সিং, কাউন্সিলর শৈবাল দাশ, পুলক খাস্তগীর প্রমুখ বক্তব্য দেন।