সহিংস পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের কাল ব্রিফ করবে সরকার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সরকার আগামীকাল মঙ্গলবার সকালে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিদেশি কূটনীতিকদের অবহিত করবেন।

মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মঙ্গলবারের ব্রিফিংয়ে আমন্ত্রণ জানিয়ে আজ সোমবার ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের চিঠি পাঠানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় পুলিশ বিশেষ অভিযান চালায়। এ সময় পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ৩৮৬ নেতা কর্মীকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে রাজধানীতে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও দলটির নেতা মো. আজিজুল ইসলামসহ ৩২ জনকে গ্রেপ্তার করা হয়।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে তাঁর দেশে ফেরার ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কর্মসূচি দেওয়া হচ্ছে তাঁর দলের পক্ষ থেকে। পুলিশ বলছে, এসব কর্মসূচি ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পুলিশের স্থাপনায় হামলা ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটানো হচ্ছে।

দুটি বাস ও একটি ট্রাকে আগুন

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, আজ সন্ধ্যা ৭টার দিকে মিরপুর ১ নম্বরে বসুমতী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

এর আগে গতকাল রোববার দিবাগত সোয়া ১২ টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ডের গিরিধারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। আর আজ ভোর পৌনে পাঁচটার দিকে ফতুল্লার স্টেডিয়াম এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিএনজি স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে থাকা ঝুটবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়া হয়।

আট জেলায় বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। তাঁরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।