
ইউনেসকো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন ক্রিয়েটিভ ইকোনমি পুরস্কার পেয়েছে জিম্বাবুয়ের প্রতিষ্ঠান মিউজিক ক্রসরোডস। গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির প্রতিনিধি মেলোডি জাম্বুকোর হাতে এই পুরস্কার তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
ফ্রান্সের প্যারিসে অবস্থিত জাতিসংঘের শিক্ষা, গবেষণা ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর সদর দপ্তরে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইউনেসকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা বিজয়ীকে সনদ প্রদান করেন।
বৈচিত্র্যময় সাংস্কৃতিক বহিঃপ্রকাশ–সংক্রান্ত ইউনেসকো ২০০৫ কনভেনশনের সাধারণ পরিষদের সভার উদ্বোধনী দিনের কার্যসূচির শেষে পুরস্কার প্রদান করা হয়। এ সময় ইউনেসকোর সংস্কৃতিবিষয়ক শীর্ষ কর্মকর্তা ও সহকারী মহাপরিচালক আর্নেস্তো অতোনেসহ উচ্চপদস্থ কর্মকর্তা, ইউনেসকোতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সাধারণ পরিষদে যোগদানকারী বিভিন্ন দেশের প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের উদ্যোগে এ পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। পরে ২০২১ সালে ইউনেসকো সদর দপ্তরে এক অনুষ্ঠানে প্রথম বিজয়ী প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর বোন শেখ রেহানা।