
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক–হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকডের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানায় এই জিডি হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজ বুধবার সকালে প্রথম আলোকে এ তথ্য জানান।
ওসি মনিরুজ্জামান বলেন, জিডিতে বলা হয়, ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যানের মুঠোফোনে সক্রিয় ব্যক্তিগত ফেসবুক–হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো হ্যাক করা হয়েছে।
বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানান ওসি মনিরুজ্জামান। তিনি বলেন, হ্যাকারদের শনাক্ত করতে, অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শাহবাগ থানায় জিডি করার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়। জিডিতে বলা হয়, বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ১৮ মার্চ কে বা কারা হ্যাক করে। এর মাধ্যমে হ্যাকার বিভিন্ন অপকর্ম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মাহমুদুল হাসান আজ প্রথম আলোকে বলেন, ১৮ মার্চ থেকে এ পর্যন্ত এই হ্যাকড হওয়া ফেসবুক–হোয়াটসঅ্যাপে যদি কোনো কার্যক্রম পরিচালিত হয়ে থাকে, তবে তা হ্যাকারদের মাধ্যমে হয়েছে।