
পবিত্র ঈদুল ফিতরের আগে কারাবন্দী নেতা-কর্মী ও আলেমদের মুক্তি চেয়েছে হেফাজতে ইসলাম। সংগঠনের আমির ও জ্যেষ্ঠ নায়েবে আমির এক বিবৃতিতে বলেছেন, মিথ্যা মামলায় আলেমদের একটি অংশকে বছরের পর বছর কারাগারে বন্দী করে রাখা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে আলেমদের মুক্তি দেওয়া না হলে ইসলাম অনুরাগী তৌহিদি জনতাকে শান্ত রাখা দুরূহ হয়ে পড়বে।
গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও জ্যেষ্ঠ নায়েবে আমির মুহাম্মদ ইয়াহইয়া এসব কথা বলেন।
বিবৃতিতে হেফাজতে ইসলামের দুই শীর্ষ নেতা বলেন, ২০২১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে আলেম, মাদ্রাসাছাত্র ও তৌহিদি জনতার ওপর হামলা চালিয়ে হতাহত করা হয়। মিথ্যা মামলা দিয়ে হেফাজতের শত শত নেতা-কর্মী ও আলেমকে গ্রেপ্তার করে জেলে পোরা হয়।
বিবৃতিতে পবিত্র ঈদুল ফিতরের আগে কারাবন্দী মুফতি মনির হোসাইন কাসেমী, সাখাওয়াত হোসাইন রাজি, মাহমুদুল হাসান গুনবি, মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী সব আলেম-ওলামা ও হেফাজতে ইসলামের নেতা-কর্মীকে শর্তহীনভাবে মুক্তি দেওয়ার দাবি জানান হেফাজতের দুই শীর্ষ নেতা।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে হেফাজতের দুই নেতা বলেন, ‘তাঁদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করুন, তাঁদের পরিবারের সঙ্গে ঈদ উৎসব পালনের অধিকার দিন।’