তারেক ও জোবাইদার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও পাঁচজন

ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে আজ রোববার আরও পাঁচজন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করেন। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এখন পর্যন্ত এই মামলায় ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

আজ যাঁরা সাক্ষ্য দেন, তাঁরা হলেন ইন্টারন্যাশনাল ট্র্যাভেল করপোরেশনের চেয়ারম্যান সেলিম ভূইয়া, ব্যবস্থাপক (হিসাব ও প্রশাসন) শহীদুল ইসলাম, বিপণন কর্মকর্তা এ কে এম হামিদুর রহমান, সোনালী ব্যাংকের নৌ সদর দপ্তর শাখার ব্যবস্থাপক খন্দকার শহিদুর রহমান ও ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রকাশনা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তার।

বিএনপি সমর্থক আইনজীবীরা আজ বেলা তিনটার দিকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে স্লোগান দেন। তাঁরা তারেক রহমান ও জোবাইদার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

গত মঙ্গল ও বুধবার তারেক রহমান ও জোবাইদা রহমানের মামলার শুনানির আগে ও পরে আইনজীবীদের হট্টগোল হয়। এ ঘটনায় মঙ্গলবার রাতে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো. মামুন এই জিডি করেন। জিডিতে বিএনপি সমর্থক ২৮ আইনজীবীর নাম উল্লেখ করা হয়েছে।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। পরের বছর তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ১৩ এপ্রিল তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।