
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত হলো বিশেষ আয়োজন ‘এমলিনো ডায়াবিট রান’। ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের (এসিএমইএলএবি) ডায়াবেটিক পোর্টফোলিও ‘একমিস ডায়াকেয়ার’-এর উদ্যোগে গত শনিবার এ আয়োজন করা হয়।
নানা বয়স ও পেশার মানুষের পাশাপাশি কমিউনিটি পার্টনার হিসেবে দেশের বিভিন্ন রানিং কমিউনিটির সদস্যরা এই আয়োজনে অংশ নেন। একমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাসনিম সিনহা, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সাবরিনা জুনেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে যোগ দেন।
আয়োজকেরা জানান, এ বছরের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘টেক আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস’। এটি সামনে রেখেই আয়োজনটি সাজানো হয়েছে। ডায়াবেটিস ধরা পড়ার আগেই সঠিক জীবনযাপন ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে ঝুঁকি কমানোর বার্তা দেওয়া ছিল এর উদ্দেশ্য।
অনুষ্ঠানে একটি সচেতনতামূলক সেশন পরিচালনা করেন এন্ডোক্রাইনোলজিস্ট ও সহযোগী অধ্যাপক রুশদা শারমিন বিনতে রউফ। তিনি ডায়াবেটিস প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে করণীয় নিয়ে কথা বলেন। অতিথি দৌড়বিদ হিসেবে অংশ নেন চিকিৎসক সাকলায়েন রাসেল, কামরুল হাসান, এ কে এম আহসান উল্লাহ ও উজ্জ্বল কুমার মল্লিক।
আয়োজকদের মতে, প্রতিদিন কিছুটা সময় হাঁটা বা দৌড়ানোর মতো নিয়মিত অভ্যাস ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সহায়ক। আয়োজনের ব্যবস্থাপনায় ছিল আল্ট্রা ক্যাম্প রানার্স (ইউসিআর)।