
দেশে রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকলে বিনিয়োগ বাড়বে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন-বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
আজ শনিবার বিকেলে ঢাকার নয়াপল্টনের একটি হোটেলে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু এসব কথা বলেন। তিনি ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। ঢাকায় অবস্থানরত ফেনী জেলার বিশিষ্টজনদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করেছে ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকা।
ইফতারের আগে দেওয়া বক্তব্যে ফেনীর উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানিয়েছেন ফেনীর বিশিষ্টজনেরা। একই সঙ্গে ফেনীতে মেডিক্যাল কলেজ এবং বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা জরুরি উল্লেখ করে অবিলম্বে এ ব্যাপারে সরকারি পদক্ষেপ দাবি করেন বক্তারা।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি ফয়েজ উল্লাহ ভুঁইয়া। ফোরামের সাধারণ সম্পাদক আদিত্য আরাফাত অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ইনভেস্টমেন্ট করপোরেশন (আইসিবি)–এর চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, দেশ রূপান্তরের প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার, দৈনিক আমার কাগজের সম্পাদক ফজলুল হক রানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জসিম উদ্দিন, জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, ফেনী সমিতি ঢাকার আহ্বায়ক আবদুল্লাহ চৌধুরী, ফেনী ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক জহির উদ্দিন আলমগীর, রাজনৈতিক বিশ্লেষক রিন্টু আনোয়ার, ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকার সাবেক সভাপতি তানভীর আলাদীন প্রমুখ।