মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কয়েকটি মামলা চলছে
মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কয়েকটি মামলা চলছে

জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হবে না, কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেবেন: প্রসিকিউটর

শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হবে না। কারাগার থেকে তিনি ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেবেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন আজ মঙ্গলবার সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, তাঁদের আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। আজ থেকে জিয়াউল আহসানকে কারাগারে রেখে ভার্চ্যুয়ালি মামলা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাইব্যুনাল।

৮ অক্টোবর ট্রাইব্যুনালে শুনানিতে জিয়াউল আহসানের আইনজীবী ও বোন নাজনীন নাহার করেছিলেন, তাঁকে (জিয়াউল আহসান) কারাগার থেকে ট্রাইব্যুনালে একা একটি গাড়িতে আনা-নেওয়া করা হয়।

শুনানিতে নাজনীন নাহার বলেছিলেন, প্রিজন ভ্যানে জিয়াউল আহসানকে একা আনা-নেওয়া করা বিপজ্জনক, উদ্বেগজনক বিষয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি ততটা ভালো নয়। যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এককভাবে না এনে তাঁকে যেন অন্য আসামিদের সঙ্গে আনা হয়।

জিয়াউল আহসানের আইনজীবীর এই আবেদনের বিরোধিতা করেছিল প্রসিকিউশন। সেদিন শুনানিতে প্রসিকিউটর গাজী মোনাওয়ার আবেদন করেছিলেন জিয়াউল আহসানকে কারাগারে রেখে সেখান থেকে তাঁর ভার্চ্যুয়ালি অংশগ্রহণের মাধ্যমে মামলার বিচারকাজ পরিচালনার জন্য। কারাগার থেকে ভিডিওর মাধ্যমে আসামির অংশগ্রহণের সুযোগ রয়েছে।

তাৎক্ষণিকভাবে সেদিন ট্রাইব্যুনাল কোনো আদেশ দেননি। আজ প্রসিকিউটর গাজী মোনাওয়ার সাংবাদিকদের বলেন, তাঁদের আবেদন ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন।

জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে কয়েকটি মামলা চলছে।