
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের আয়োজনে রাজধানীর যমুনা ফিউচার পার্কের উম্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ‘হোন্ডা ফান ডে’।
গত শুক্রবার ও গতকাল শনিবার অনুষ্ঠিত এ আয়োজনে বিপুলসংখ্যক মোটরসাইকেলপ্রেমী অংশ নেন এবং হোন্ডার জনপ্রিয় ‘এনএক্স২০০’ (NX200) ও ‘হরনেট ২.০’ (Hornet 2.0) মোটরসাইকেলের টেস্ট রাইড অভিজ্ঞতা উপভোগ করেন। সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলা এ আয়োজনে বন্ধু ও পরিবার নিয়ে অংশ নেন নানা বয়সী দর্শনার্থী।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা শুধু টেস্ট রাইডেই সীমাবদ্ধ থাকেননি, বরং পুরো ভেন্যু জুড়ে ছিল নানা ধরনের বিনোদনমূলক ও ইন্টারেকটিভ কার্যক্রম। দর্শনার্থীরা বাইক ডিসপ্লে জোনে হোন্ডার বিভিন্ন মডেল ঘুরে দেখেন, অংশ নেন গেমিং অ্যাক্টিভিটি ও কুইজ সেগমেন্টে। বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় গিফট ও বিশেষ পুরস্কারের ব্যবস্থা। এ ছাড়া ‘লাইভ ডিজে’ পারফরম্যান্স আয়োজনে তৈরি করে উৎসবের আবহ।
বিশেষ করে তরুণ রাইডারদের মধ্যে ‘এনএক্স২০০’–এর অ্যাডভেঞ্চার-স্টাইল রাইডিং এবং ‘হরনেট ২.০’–এর স্পোর্টি পারফরম্যান্স নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়। অংশগ্রহণকারীরা বাইক দুটির কন্ট্রোল, কমফোর্ট, পাওয়ার ও আধুনিক ফিচার নিয়ে ইতিবাচক অভিজ্ঞতা শেয়ার করেন।
হোন্ডা হরনেট ২.০–এ ব্যবহৃত ১৮৪.৪ সিসি পিজিএম–এফওয়ান (184.4cc PGM-FI) ইঞ্জিন, অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ (Assist & Slipper Clutch) ইউএসডি ফ্রন্ট ফর্ক (USD Front Fork) এবং এবিএস (ABS) প্রযুক্তি রাইডারদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের এক কর্মকর্তা বলেন, ‘হোন্ডা ফান ডের মাধ্যমে আমরা রাইডারদের জন্য শুধু টেস্ট রাইড নয়, বরং একটি পূর্ণাঙ্গ কমিউনিটি এক্সপেরিয়েন্স তৈরি করতে চেয়েছি। দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ইতিবাচক সাড়া আমাদের ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করতে অনুপ্রাণিত করেছে।’
বাংলাদেশে হোন্ডার এ ধরনের উন্মুক্ত ও অভিজ্ঞতাভিত্তিক কমিউনিটি ইভেন্টের পরিধি ধীরে ধীরে বাড়ানো হচ্ছে, যেখানে বাইকপ্রেমীরা সরাসরি নতুন মডেলের পারফরম্যান্স অনুভব করার সুযোগ পাচ্ছেন।