
এ বছর আন্তর্জাতিক নারী দিবসে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে জেন্ডার সমতা প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। বাংলাদেশ ২০৪১ সালের মধ্যেই স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করেছে। এর সঙ্গে তাল মিলিয়ে ‘নারী-পুরুষের সমতায় ডিজিটাল প্রযুক্তি’ এই স্লোগান এসেছে এবারের নারী দিবসে।
স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশ গত এক দশকের বেশি সময় ধরে ই-কমার্স, ই- গভর্নেন্সসহ অর্থনীতির অন্যান্য ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ও এর ব্যাপ্তি বাড়িয়েছে। দেশে–বিদেশে তথ্যের অবাধপ্রবাহ মানুষের অর্থনৈতিক ও সেবামূলক কাজে দিয়েছে নতুন মাত্রা।
ডিজিটালাইজেশনে প্রক্রিয়ায় অন্যতম বড় অর্জন নারীর অর্থনৈতিক কাজে অংশগ্রহণ এবং কাজের নতুন ও বহুমাত্রিক পথ খুলে যাওয়া। নারীরা অনলাইনে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন, বিভিন্ন প্রশিক্ষণ নিচ্ছেন ও দিচ্ছেন, মুঠোফোনের মাধ্যমে বিভিন্ন ভাতা ও সহায়তা পাচ্ছেন, তথ্য পাচ্ছেন, এমনকি আইনগত ও স্বাস্থ্যসেবাও অনলাইনের মাধ্যমে পাচ্ছেন।
অথচ এসব সেবার বেশির ভাগই দুই–চার দশক আগেও ছিল সমাজের অধিকাংশ নারীর ধরাছোঁয়ার বাইরে। সরকারের নানাবিধ উদ্যোগ এই দুয়ার উন্মুক্ত করেছে। তথ্যপ্রাপ্তি, প্রশিক্ষণ ও আর্থিকভাবে অন্তর্ভুক্তির সুযোগ পেয়ে অনেক নারী বদলে ফেলেছেন তাঁর জীবনের চালচিত্র, ভেঙে ফেলেছেন অনেক জেন্ডার গতানুগতিক ধারণাগত বিনির্মাণ।
তবে এই ডিজিটাল বিপ্লবের সঙ্গে সঙ্গে ডিজিটাল ডিভাইড (ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অসমতা ও ব্যবধান) টাও রয়ে গেছে আমাদের দেশে। ডিজিটাল সাক্ষরতা এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের সুযোগ বঞ্চিত নারীর সংখ্যা এ দেশে পুরুষের তুলনায় বেশি। বিশেষভাবে দরিদ্র, প্রান্তিক ও গ্রামীণ নারীরা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বেশি। ২০২০ সালের মুঠোফোনবিষয়ক পরিসংখ্যান ও গবেষণাভিত্তিক বৈশ্বিক প্রতিষ্ঠান GSMA Intelligence–এর উপাত্ত বলছে, ৭০ শতাংশ পুরুষের বিপরীতে বাংলাদেশে ৪৩ শতাংশ নারী ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছেন। আবার ৬১ শতাংশ পুরুষের বিপরীতে স্মার্টফোন ব্যবহার করছেন ৩৪ শতাংশ নারী । নারীর ডিজিটাল অন্তর্ভুক্তি, অংশগ্রহণ ও অবস্থান নির্ধারণের ক্ষেত্রে অনেক বিষয় জড়িত রয়েছে। ডিজিটাল ডিভাইডের সঙ্গে রয়েছে ডিজিটাল সাক্ষরতা, জ্ঞান, প্রয়োজনীয় দক্ষতা, প্রশিক্ষণ এবং সচেতনতার অপর্যাপ্ততা। অনলাইন বা মুঠোফোনে অভিগম্যতা না থাকায় এবং ডিজিটাল সাক্ষরতা না থাকায় প্রায়ই দেখা যায়, অর্থনৈতিক কাজকর্ম নারী করলেও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যে আর্থিক লেনদেন এবং নিয়ন্ত্রণ তা পুরুষের বা অন্য কোনো সদস্যের হাতে থেকে যাচ্ছে। এমনকি ডিজিটাল অভিগম্যতা না থাকলে নারী তার প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তি থেকেও বঞ্চিত হচ্ছে। শুধু ডিজিটাল দক্ষতা এবং প্রয়োজনীয় তথ্যের অভাবে এমনকি অনেক নারী অর্থনৈতিক কার্যকলাপে অংশগ্রহণের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন। প্রযুক্তিবিষয়ক পড়াশোনা ও চর্চায় এখন অনেক নারী অগ্রগণ্য ভূমিকা রাখছেন, তবে তা এখনো সংখ্যা ও ব্যাপ্তি বিচারে অনেক কম।
এসব ব্যবধান ও বৈষম্যের কারণ সামাজিক-সংস্কৃতির আচার আচরণ ও মূল্যবোধের অনেক গভীরে প্রথিত। শিক্ষার হারে নারী এগিয়ে থাকলে প্রযুক্তি গত শিক্ষায় নারীর পিছিয়ে পড়া এখনো উল্লেখযোগ্য মাত্রায় রয়েছে। দীর্ঘদিন ধরে অর্থ ও প্রযুক্তির একচ্ছত্র নিয়ন্ত্রণ ও সুবিধা গ্রহণকারী পুরুষশাসিত সমাজ নারীকে তার গতানুগতিক ভূমিকার বাইরে চিন্তা করতে বা গ্রহণ করতে এখনো কতটা প্রস্তুত, তা ভেবে দেখার বিষয়।
‘প্রযুক্তিগত শিক্ষায় ও চর্চায় নারী অপারগ’—এমন একটি প্রাচীনপন্থী গৎবাঁধা ধারণা এখনো সমাজে বিরাজমান। তারই প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব হিসেবে আমরা জেন্ডারভিত্তিক ডিজিটাল অসমতা দেখি, সাইবার সহিংসতা বাড়তে দেখছি। অনলাইন হয়রানি, বুলিং, নারীর জন্য ক্ষতিকর বিষয়বস্তু অনলাইনে ছেড়ে দেওয়া ইত্যাদি বিভিন্নভাবে প্রতিনিয়ত সাইবার সহিংসতা হয়ে চলেছে। উপাত্ত অনুসারে বাংলাদেশের প্রায় ৫০ শতাংশ নারী কোনো না কোনো ধরনের সাইবার নির্যাতন, উত্ত্যক্তকরণ, হুমকি বা সহিংসতার সম্মুখীন হয়েছেন (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস ২০১৮)। পুরুষতান্ত্রিক মানসিকতা শুধু নারীকে অধস্তন ভাবতে শেখাচ্ছে তা–ই নয়, বরং ‘নারীর প্রতি হয়রানি ও সহিংস আচরণ করা যায়’—এমন মানসিকতাও উসকে দিচ্ছে। আরও অধিক সহিংসতা অথবা সামাজিক কলঙ্কের এবং ভিকটিম ব্লেমিংয়ের ভয়ে নারী অনেক সময় এ ধরনের সহিংসতার বিরুদ্ধে নীরব থাকছেন। মুঠোফোন ব্যবহারে পারিবারিক ও সামাজিক অবক্ষয়ের কথা বলে সবচেয়ে বেশি দায় ও একতরফা দেওয়া হচ্ছে নারীর ওপর।
এত কিছুর পরও নিঃসন্দেহে ডিজিটাল প্রক্রিয়া বাংলাদেশের নারীর উন্নয়নের জন্য এক অসাধারণ সুযোগ এনে দিয়েছে। দারিদ্র্য থেকে মুক্ত হয়ে অনেক নারীই সমাজে নিজের ও তাঁর পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থানের ব্যাপক উন্নয়ন করেছেন। সেই সঙ্গে অবদান রাখছেন দেশের জিডিপি বৃদ্ধিতে। তবে ডিজিটাল প্ল্যাটফর্মকে আরও জেন্ডার সংবেদনশীল এবং অন্তর্ভুক্তিমূলক করে তুলবার প্রচেষ্টায় যোগ করতে হবে কিছু নতুন মাত্রা। জেন্ডারভিত্তিক ডিজিটাল ডিভাইড কমিয়ে আনতে হবে। এ ক্ষেত্রে আমরা চতুর্থ শিল্পবিপ্লবের যে চ্যালেঞ্জ গ্রহণ করতে যাচ্ছি তার কথা বলতে পারি। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হলে নারীদের উন্নয়ন হতে হবে সমন্বিত পদ্ধতির মাধ্যমে। তাদের ডিজিটাল শিক্ষা থাকতে হবে তার সঙ্গে তাদের উন্নয়নের অন্য বিষয়গুলোর ওপর সমান গুরুত্ব ও দক্ষতা থাকতে হবে। এর জন্য প্রান্তিক নারীদের তাঁদের উপযোগী বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। প্রযুক্তির উদ্ভাবন ও ব্যাপক ব্যবহার দিয়েই অনলাইনকেন্দ্রিক জেন্ডারভিত্তিক সহিংসতা কমিয়ে আনতে হবে। যাঁরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছেন, তাঁদের সচেতন হতে হবে এর নিরাপদ ব্যবহার সম্পর্কে।
তরুণ সমাজ যেন অনলাইন স্পেসের নিরাপদ ব্যবহার শেখে ও প্রয়োগ করে তার পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। সেই সঙ্গে প্রয়োজন মুঠোফোন ও ইন্টারনেটের প্রয়োজনীয় ও অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধ করার প্রচেষ্টা করা। এই প্রচেষ্টা যেমন রাষ্ট্রীয় পর্যায় থেকে হতে হবে, তেমনি পারিবারিক ও সামাজিক পর্যায় থেকে ও সচেতনতা মূলক উদ্যোগ নিতে হবে। সর্বোপরি ডিজিটাল অন্তর্ভুক্তির মাধ্যমে জেন্ডার সমতা নিশ্চিত করতে হলে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার যেমন জেন্ডার সংবেদনশীল হতে হবে, তেমনি পরিবার, সম্প্রদায় ও সমাজেও আনতে হবে পরিবর্তন।
লেখক: সহযোগী অধ্যাপক, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।