জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
ফাইল ছবি: বাসস

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল সকালে জাতীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। নামাজ শেষে ঈদগাহে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতা এবং উচ্চপদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তাসহ দেশের বরেণ্য ব্যক্তিরা ঈদের প্রধান জামাতে উপস্থিত থাকবেন।

জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের এটিই শেষ ঈদ নামাজে অংশগ্রহণ। কারণ, বঙ্গভবনের কর্মসূচি অনুযায়ী, ২৪ এপ্রিল বেলা ১১টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে কার্যালয়ের দায়িত্ব হস্তান্তর করবেন আবদুল হামিদ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ঈদগাহে পৌঁছালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অভ্যর্থনা জানাবেন।