ডেঙ্গু নতুন কোনো রোগ নয়। এটা প্রতিকারের জন্য সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের যে উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল, তাতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও নাগরিক সমাবেশে বক্তারা এ কথা বলেছেন।
ডেঙ্গু থেকে জনগণকে বাঁচানোর আহ্বান জানিয়ে চট্টগ্রামের জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কমিটির আহ্বায়ক মাহফুজুর রহমান এতে সভাপতিত্ব করেন। তিনি বলেন, মশার ওষুধ ছিটানো, জনগণকে এডিস মশা বিষয়ে সচেতন করার জন্য বেশি টাকার প্রয়োজন হয় না।
কর্মসূচি সঞ্চালনা করেন জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির সদস্যসচিব সুশান্ত বড়ুয়া। এ সময় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া, আইনজীবী ভুলন ভৌমিক, আইনজীবী বিশুময় দেব, সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক জসিম উদ্দিন, জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির সংগঠক মশিউর রহমান খান, সত্যজিৎ বিশ্বাস প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রতিবছর নগরবাসীর ওপর করের বোঝা চাপানো হচ্ছে। কিন্তু মশা মারার নাম নেই। অবিলম্বে এডিস মশার কবল থেকে নগরবাসীকে রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।