প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)। একই সঙ্গে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ্ মীরধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, সংবাদ প্রকাশের জের ধরে এ ধরনের হয়রানিমূলক মামলা ও গ্রেপ্তার করা হলে সংবাদপত্রের স্বাধীনতা ও বাক্স্বাধীনতার অধিকার তীব্রভাবে ব্যাহত হয়। এ ধরনের স্বাধীনতা খর্ব করার ফলে জাতি সত্য সংবাদ প্রাপ্তি থেকে বঞ্চিত হয়।
বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা, দিকনির্দেশনা ও সত্য প্রকাশ একটি জাতিকে তার কাঙিক্ষত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। বাংলাদেশের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। বাংলাদেশের সব ধরনের অর্জন ও সফলতার পেছনে সাংবাদিকদের ও সংবাদপত্রের অনন্য সাধারণ ভূমিকা রয়েছে। তাই অনতিবিলম্বে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা নিঃশর্ত প্রত্যাহারের আহ্বান জানায় সংগঠনটি। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় অন্য সাংবাদিকদের বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে, তা প্রত্যাহারেরও আহ্বান জানায় ইআরএফ।