
আধঘণ্টার ব্যবধানে আনুষ্ঠানিকভাবে কোরবানির বর্জ্য অপসারণ কাজ শুরু করেছে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
ঈদের দিন আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে প্রথমে বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আর বেলা দুইটার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বর্জ্য অপসারণের কাজ শুরু করে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় নির্ধারিত সময়ের (১২ ঘণ্টা) আগেই রাতের মধ্যে পুরো নগরীর বর্জ্য অপসারণ সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। এ ছাড়া আগামী দুই দিনও পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। কারণ, এখনো অনেকেই কোরবানি দিচ্ছেন এবং মাংস কাটার কাজ করছেন।
বেলা দুইটার দিকে মিরপুর-১২ নম্বর সেকশনের সিরামিক রোড এলাকায় ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণ কাজ শুরু হয়। এ সময় ওই এলাকার বর্জ্য অপসারণের কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, এই কার্যক্রমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রায় ১৬ হাজার পরিচ্ছন্নতাকর্মী, কর্মকর্তা ও কর্মচারী অংশ নিয়েছেন এবং ৭৫২টি যানবাহন ব্যবহার করা হচ্ছে। তিনি নগরবাসীকে আশ্বস্ত করে বলেন, প্রশাসকসহ পুরো সিটি করপোরেশন দলের ওপর আস্থা রাখা যেতে পারে।
নগরবাসীকে স্বস্তি দিতে নিরলসভাবে কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। সিটি করপোরেশনের সরবরাহ করা নির্ধারিত ব্যাগে বর্জ্য রেখে নির্দিষ্ট স্থানে রাখতে তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।
ঢাকা দক্ষিণ সিটি আট ঘণ্টার মধ্যে; অর্থাৎ আজ রাত ৯টার মধ্যে ঈদের প্রথম দিনের বর্জ্য অপসারণ কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে। আর ঢাকা উত্তর সিটি এই কাজটি ১২ ঘণ্টার আগেই; অর্থাৎ রাত দুইটার আগেই শেষ করবে বলে জানিয়েছে।
সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ঈদের দিন ও পরের দুই দিনসহ টানা ৭২ ঘণ্টা পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে একটি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে।
সিটি করপোরেশনের সরবরাহ করা হলুদ পলিথিনে বর্জ্য সংরক্ষণ করে নির্ধারিত স্থানে রাখতে সবার প্রতি অনুরোধ জানান শফিকুল ইসলাম খান। এতে পরিচ্ছন্নতাকর্মীরা সহজে সেগুলো সংগ্রহ করে অপসারণ করতে পারবেন বলেন তিনি।
দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম বলেন, ঈদের প্রথম দিনে মাঠপর্যায়ে ঢাকা দক্ষিণ সিটিতে ১৩ হাজার ৪৫৩ জন পরিচ্ছন্নতাকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করছেন। প্রথম দিনে প্রায় ১৫ হাজার ৯৩৫ টন কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ঈদের তিন দিনে মোট ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য অপসারণের ব্যাপক পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করেছে ডিএসসিসি।