
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলাকে ন্যক্কারজনক আখ্যা দিয়ে দোষী ব্যক্তিদের বিচার চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। একই সঙ্গে ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে তারা।
আজ বুধবার সকালে সাদা দলের আহ্বায়ক মো. লুৎফর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাকসুদুর রহমানের সঙ্গে দেখা করে এসব দাবি জানান। সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও আবদুস সালাম, কোষাধ্যক্ষ আবুল কালাম সরকার এবং প্রচার সচিব মো. সাইফুদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
গত সোমবার ইফতারের পর ঢাকা মেডিকেলের বহির্বিভাগের সামনে ছাত্রদল নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগ হামলা করে বলে অভিযোগ উঠেছে। হামলায় ছাত্রদলের ১৮-২০ জন আহত হন।
সাদা দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রক্টরের সঙ্গে সাক্ষাতে সংগঠনের প্রতিনিধিদল বলেছে, হামলায় আহত ছাত্রদলের নেতা-কর্মীরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পবিত্র রমজান মাসে ইফতারের পর নেতা-কর্মীদের ওপর এমন সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাদা দল ছাত্রলীগ নামধারীদের এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
প্রতিনিধিদল বলেছে, এক যুগের বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সরকার-সমর্থক ছাত্রসংগঠনের একক আধিপত্যের লালনভূমিতে পরিণত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্যকে ভূলুণ্ঠিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বিকার ভূমিকার সুযোগে ক্যাম্পাসকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে। এ অবস্থা কোনোভাবে কাম্য নয়। তারা দ্রুত এ অবস্থার অবসান চায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে সব দলমতের সহাবস্থান ও মুক্তবুদ্ধির চর্চার উপযুক্ত গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সোচ্চার হওয়ার জন্য সাদা দল আহ্বান জানাচ্ছে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানায় তারা। একই সঙ্গে সোমবার হামলায় আহত ছাত্রদল নেতা-কর্মীদের সুচিকিৎসার ব্যবস্থা ও হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানায় প্রতিনিধিদল।