ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

এক মাসে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে ৮৫২ ফ্লাইট বাতিল

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক মাসে ৮৫২টি ফ্লাইট বাতিল হয়েছে।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ রাখে। এর ফলে এসব গন্তব্যে চলাচলকারী বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট ধারাবাহিকভাবে বাতিল করা হয়।

তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিলের মধ্য দিয়ে এই পরিস্থিতির শুরু। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ ও ৮ মার্চ প্রতিদিন ২৮টি করে ফ্লাইট বাতিল হয়।

পরবর্তী সময়ে ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৬টি এবং ১৫ মার্চ ২৩টি ফ্লাইট বাতিল করা হয়। ১৬ ও ১৭ মার্চ ৩১টি করে, ১৮ ও ১৯ মার্চ ২৬টি করে ফ্লাইট বাতিল হয়।

এ ছাড়া ২০ মার্চ ২৮টি, ২১ মার্চ ২৫টি এবং ২২ থেকে ২৫ মার্চ পর্যন্ত প্রতিদিন ২০টি করে ফ্লাইট বাতিল হয়েছে। ২৬ ও ২৭ মার্চ ২২টি করে, ২৮ মার্চ ২১টি এবং ২৯ মার্চ ২২টি ফ্লাইট বাতিল হয়।

এ ধারাবাহিকতায় ৩০ মার্চ (স্থানীয় সময় রাত ১২টার পর) আরও ১৮টি ফ্লাইট বাতিল হওয়ার কথা রয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৪টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ২টি এবং জাজিরা এয়ারওয়েজের ৪টি ফ্লাইট রয়েছে।