
সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। আগামী দুই বছর সচিব পদমর্যাদায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান থাকবেন সুপ্রদীপ চাকমা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রদীপ চাকমা বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
সুপ্রদীপ চাকমার জন্ম ১৯৬১ সালে খাগড়াছড়ির কমলছড়িতে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ছিলেন। তিনি সপ্তম বিসিএসে সরকারি চাকরিতে যোগ দেন। মেক্সিকো ও ভিয়েতনামে রাষ্ট্রদূত ছিলেন সুপ্রদীপ চাকমা।
২০২১ সালের ৬ জুলাই রাঙামাটি জেলা আওয়ামী লীগের নেতা নিখিল কুমার চাকমাকে দুই বছরের চুক্তিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান করেছিল সরকার। নিখিল চাকমার চাকরির মেয়াদ শেষে সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী এ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে আছেন।