মাদক–দুর্নীতির সঙ্গে জড়িত পুলিশ সদস্যের ছাড় নেই: আইজিপি

নৌ পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ঢাকা, ২৩ মে
ছবি: সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুলিশের কোনো সদস্য মাদক ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, কোনো পুলিশ সদস্যের অপরাধের দায়ভার পুলিশ বাহিনী বহন করবে না।

মঙ্গলবার নৌ পুলিশ সদর দপ্তরে নৌ পুলিশের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি এসব কথা বলেন। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

মতবিনিময় সভায় নৌ পুলিশের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন নৌ পুলিশ প্রধান (অতিরিক্ত আইজিপি) শফিকুল ইসলাম। ঢাকা, ২৩ মে

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, পুলিশের প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে। তাদের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদান করে মানুষের আস্থা অর্জন করতে হবে। পুলিশি সেবা পেতে মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেজন্য প্রত্যেক পুলিশ সদস্যকে সচেষ্ট থাকতে হবে। সামগ্রিকভাবে পুলিশ ভালো কাজ করছে।

সভায় নৌ পুলিশের প্রধান (অতিরিক্ত আইজিপি) শফিকুল ইসলাম নৌ পুলিশের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন। তিনি বলেন, নৌ পুলিশ নৌপথের নিরাপত্তা এবং মৎস্যসম্পদ সংরক্ষণে দায়িত্ব পালন করে যাচ্ছে।