খরচ ও মূল্য অন্যতম চ্যালেঞ্জ: জ্বালানি প্রতিমন্ত্রী

নসরুল হামিদ
ফাইল ছবি

আগামী দিনের সিদ্ধান্ত নিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে বলে মনে করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে খরচ ও মূল্য আমাদের অন্যতম চ্যালেঞ্জ। দেশের পরিস্থিতি বিবেচনা করে আমাদের সমাধান বের করতে হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) আজ সোমবার হাইড্রোকার্বন ইউনিট ও বুয়েটের মধ্যে জ্বালানি গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। সেই অনুষ্ঠানে এসব কথা বলেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তিনি বলেন, হাইড্রোকার্বন ইউনিটের সঙ্গে বুয়েটের এই সমঝোতা গবেষণার ক্ষেত্রকে আরও সম্প্রসারিত করবে। মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে।

নসরুল হামিদ বলেন, টেকসই জ্বালানি ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। গবেষক, শিক্ষাবিদ ও পেশাজীবীদের কাজের সমন্বয় থাকা জরুরি। আগামী দিনের চাহিদা প্রাক্কলন করে পরিকল্পনা ও কার্যক্রম চালালে অবশ্যই সাফল্য পাওয়া যাবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কারিগরি সংস্থা হিসেবে হাইড্রোকার্বন ইউনিট তেল ও গ্যাসের মজুত ও সম্ভাব্য উৎস নিরূপণ ও হালনাগাদকরণ; জ্বালানিসংক্রান্ত ডেটাবেজের হালনাগাদকরণ ও সম্প্রসারণ; উৎপাদন বণ্টন চুক্তি এবং যৌথ উদ্যোগ চুক্তি বিষয়ে মতামত প্রদান; জ্বালানির অভ্যন্তরীণ ও আঞ্চলিক বাজার পর্যবেক্ষণ ও বিশ্লেষণ; তেল ও গ্যাসের অনুসন্ধান, উন্নয়ন ও উৎপাদনের পরিকল্পনা ও পর্যালোচনা; জ্বালানি খাতের সংস্কার বিষয়ে সুপারিশ করে। এসব খাতে সত্যিকারের গবেষণা বাড়ানো প্রয়োজন।

প্রতিমন্ত্রী এ সময় বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানির অবস্থা, ভর্তুকি, সেচ, হাইড্রোজেন ফুয়েল, ফসিল ফুয়েল, নাবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি অর্থনীতি ইত্যাদি বিষয় নিয়ে আলোকপাত করেন।

বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, বুয়েটের সহ-উপাচার্য আবদুল জব্বার খান, জ্বালানি ও টেকসই গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ফারসীম মান্নান মোহাম্মেদি ও হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক মিজ তাহমিনা ইয়াসমিন বক্তব্য দেন।