ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। উপাচার্যের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। উপাচার্যের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়

বাংলাদেশ-ভারতের শিক্ষাব্যবস্থার সাদৃশ্য সহযোগিতার বড় ভিত্তি: ঢাবি উপাচার্য

বাংলাদেশ ও ভারতের শিক্ষাব্যবস্থার মধ্যে বিদ্যমান সাদৃশ্য দুই দেশের উচ্চশিক্ষায় সহযোগিতার একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। আজ সোমবার উপাচার্যের কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে উপাচার্য বর্তমান কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রম আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের জন্য নমনীয় শিক্ষাব্যবস্থা বা স্বল্পমেয়াদি ‘শর্ট কোর্স’ চালুর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রশাসনিক কাঠামো ও পাঠ্যক্রমের এই মিলকে কাজে লাগিয়ে দুই দেশের উচ্চশিক্ষায় নতুন নতুন যৌথ উদ্যোগ গ্রহণ করা সম্ভব।

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি এবং বিদ্যমান সমঝোতা স্মারকগুলো কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

এ সময় হাইকমিশনার প্রণয় ভার্মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদলকে ভারত সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, কার্যকর সহযোগিতার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত প্রস্তাব দেওয়া হলে ভারত সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

সাক্ষাৎ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে হাইকমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত, নৃত্যকলা এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত ‘শিল্প ও সংগীতের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। পরে তিনি সংশ্লিষ্ট বিভাগগুলো পরিদর্শন করেন এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটে ‘হিন্দি বই হস্তান্তর’ অনুষ্ঠানে অংশ নেন।