
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলতি মাসে আবারও এক বহিষ্কৃত শিক্ষার্থী পরীক্ষা দিলেন। তাঁর নাম অনিক দাস। তিনি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের বিজয় উপপক্ষের কর্মী। বিভাগ জানায়, তাঁর বহিষ্কার হওয়ার কোনো চিঠি তারা পায়নি। তাই তাঁর পরীক্ষা দেওয়া বৈধ।
এর আগে ১১ জানুয়ারি মাহমুদ হাসান নামের এক বহিষ্কৃত শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন।
গত ২ ডিসেম্বর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও রাম দা উঁচিয়ে জয় বাংলা স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। এরপর ৯ ডিসেম্বর এ ঘটনায় ছয় ছাত্রলীগ কর্মী, যাঁরা শিক্ষার্থী, তাঁদের এক বছরের জন্য বহিষ্কার করে কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে অনিকও ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আজ সংস্কৃত বিভাগের চতুর্থ বর্ষের ৪০৩ নম্বর কোর্সের চূড়ান্ত পরীক্ষা ছিল। বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেন অনিক। তিনি কলা ও মানববিদ্যা অনুষদের ২২৩ নম্বর কক্ষে পরীক্ষায় বসেছিলেন।
জানতে চাইলে সংস্কৃত বিভাগের সভাপতি রাজপতি দাশ প্রথম আলোকে বলেন, তাঁরা অনিক দাসের বহিষ্কারের বিষয়ে কর্তৃপক্ষ থেকে কোনো চিঠি পাননি। তাই তাঁরা পরীক্ষা দিতে দিয়েছেন। বহিষ্কারের চিঠি না পাওয়া পর্যন্ত অনিক দাসের পরীক্ষা দেওয়া বৈধ।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, বিভাগের চিঠি পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত চিঠিগুলো বিভাগে পৌঁছে দেওয়া হবে।
ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় বহিষ্কার হয়েও পরীক্ষা দেওয়ার ঘটনা গত বছরও ঘটেছে। গত ৩ আগস্ট ছাত্রী হেনস্তার দায়ে বহিষ্কৃত হয়েও পরীক্ষা দিয়েছিলেন ছাত্রলীগের দুই কর্মী। তাঁরা হলেন ইমন আহম্মেদ ও রাকিব হাসান। তাঁরা ২০২১ সালে ১৬ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে হেনস্তার দায়ে এক বছরের জন্য বহিষ্কৃত হয়েছিলেন। পরে অবশ্য এ নিয়ে সংবাদ প্রকাশের পর তাঁদের পরীক্ষার উত্তরপত্র বাতিলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
২০২১ সালের ১৪ অক্টোবর সংঘর্ষে জড়ান শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের অনুসারীরা। এর ৪ দিন পর ১২ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর বহিষ্কৃত হয়েও দুই মাসের মাথায় ডিসেম্বরে স্নাতকের প্রথম বর্ষের তিন শিক্ষার্থী পরীক্ষায় বসেন বলে অভিযোগ রয়েছে। তখনো তিন বিভাগের প্রধান দাবি করেন, তাঁরা চিঠি পাননি। এই তিন ছাত্রলীগ কর্মী হলেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের বর্তমান দ্বিতীয় বর্ষের ছাত্র মো. নাঈম, একই বর্ষের বাংলা বিভাগের সাইফুল ইসলাম ও আরবি বিভাগের তৌহিদ ইসলাম। আরবি বিভাগের তৌহিদ ইসলাম।