সরকারি সফরে সৌদি আরব গেলেন সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ
ছবি: আইএসপিআর

কমান্ডার অব রয়েল সৌদি ল্যান্ড ফোর্সেস লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ বিন আবদুল্লাহ আল-মোতাইরের আমন্ত্রণে সরকারি সফরে মঙ্গলবার সৌদি আরব সফরে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরকালে জেনারেল শফিউদ্দিন আহমেদ রয়েল সৌদি ল্যান্ড ফের্সেস কমান্ডার, রয়েল সৌদি আর্মড ফোর্সেসের চিফ অব জেনারেল স্টাফ এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

জেনারেল শফিউদ্দিন আহমেদ সৌদি আরবের আর্মড ফোর্সেস স্টাফ কলেজ পরিদর্শন করবেন। পরবর্তী সময়ে পবিত্র ওমরাহ পালন শেষে ২৭ মে দেশে ফেরার কথা রয়েছে তাঁর।