মতবিনিময় সভায় বক্তারা

পাহাড়ে সংঘাত বন্ধে পার্বত্য চুক্তি কার্যকর করা জরুরি

‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে দেশবাসীর দায় ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা
ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতির ক্রমে অবনতি হচ্ছে। আজ পর্যন্ত সেখানে যত সংঘাতের ঘটনা ঘটেছে, তার একটিরও তদন্ত হয়নি। অথচ ১৯৯৭ সালে যখন পার্বত্য চুক্তি সই হয়, তখন সেখানকার জনগণ আনন্দের সঙ্গে চুক্তিটি গ্রহণ করেছিল। পার্বত্য অঞ্চলে সংঘাত বন্ধ করতে এ চুক্তি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে দেশবাসীর দায় ও করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এ সভার আয়োজন করে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’ নামের একটি সংগঠন।

পার্বত্য চট্টগ্রামের জনগণ এখনো আগের মতোই এ চুক্তিকে গ্রহণ করার মতো অবস্থায় আছে বলে মনে করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক। তিনি বলেন, তাদের মধ্যে যে কিছুটা দ্বিমত দেখা যাচ্ছে, সেটা রাজনৈতিক। এ চুক্তি বাস্তবায়িত হলে আমাদের মধ্যে যে কূপমণ্ডূকতা আছে, তা থেকে বের হওয়া যাবে। সাধারণ মানুষ হিসেবে একে অন্যের সঙ্গে মিলেমিশে বাস করা যাবে।

পার্বত্য চুক্তির মৌলিক যে ধারা, সেগুলোই আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি বলে উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ। গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে পার্বত্য অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রকৃত প্রতিনিধি বের করে আনতে না পারলে পার্বত্য সমস্যার সমাধান হবে না বলেও মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।

পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে এ মতবিনিময় সভার এক দিন আগে গতকাল শুক্রবার বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার খামতাংপাড়ায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ–গণতান্ত্রিক) ও কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যদের মধ্যে গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন।

কেএনএফ প্রসঙ্গে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, ‘কুকি–চিন কারা এনেছে? অন্তত দু–তিন বছর আগে থেকে ওখানে কিছু সশস্ত্র লোকজন; যাঁরা ওই অঞ্চলের মানুষ না, এমনকি বাংলাদেশের নাগরিকও না, তাঁরা ওখানে ঘোরাফেরা করছেন। স্থানীয় লোকেরা বলেছেন, আপনারা (প্রশাসন) একটু দেখেন এরা কারা। তখন তারা না জানার ভান করেছে। ইচ্ছা করেই কাউকে প্রশ্রয় দেওয়া হয়েছে।’

শামসুল হুদা আরও বলেন, ‘যখনই কোনো সংঘাতের ঘটনা ঘটে, আমরা বারবার বলেছি এর স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। এ দাবি আমরা আজকেও জারি রাখছি। স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত শেষে সব তথ্য দেশবাসীর কাছে উন্মুক্ত করা হোক। অথচ আজ পর্যন্ত কোনো ঘটনার তদন্ত হয়নি। এ তদন্ত না হওয়ার রহস্য আমাদের জানা নেই।’

পার্বত্য চুক্তি কার্যকর করতে আরও দেরি করলে দেশের জন্য ঝুঁকি বেড়ে যাবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল। তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি ক্রমাগতভাবে খারাপ হচ্ছে। ক্রমাগতভাবে ’৯৭–পূর্ববর্তী জায়গার দিকে ফিরে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। যদি আমরা যুদ্ধের দিকে দেশকে ধাবিত না করতে চাই, তাহলে আমাদের শান্তি চুক্তি বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে।’

বিভিন্ন রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম চুক্তির প্রক্রিয়ায় ছিল। চুক্তি কার্যকর করার দায়িত্ব সবারই থাকা উচিত বলে মনে করেন মেসবাহ কামাল। তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে সমস্যা তৈরিতে আওয়ামী লীগের দায় ছিল। সেটা আরও ঘনীভূত করেছে বিএনপি, জাতীয় পার্টিসহ অন্য দল। আবার সেটা সমাধানের ক্ষেত্রেও আওয়ামী লীগ নেতৃত্বদানকারীর ভূমিকা নিয়েছে। চুক্তি বাস্তবায়নে দেখছি, একের পর এক সমস্যা তৈরি হচ্ছে। যারা চুক্তি স্বাক্ষর করেছে, তারা যেন ক্রমাগতভাবে পিছু হটছে।’

যে রাজনৈতিক সদিচ্ছা নিয়ে ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি সই হয়েছিল, তাতে এখন প্রচণ্ড ঘাটতি দেখা দিয়েছে বলে মনে করেন কবি ও সাংবাদিক সোহরাব হাসান। তিনি বলেন, ‘আমরা হঠাৎ দেখলাম, পার্বত্য চট্টগ্রামে কুকি–চিন প্রশিক্ষণ নিয়েছে। দেশের অন্যান্য জায়গা থেকে উদ্বুদ্ধ করে নেওয়া হয়েছে। কীভাবে এটি সম্ভব হলো? কারা করল? যদি এ মৌলিক প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা না করি, চিহ্নিত না করতে পারি, তাহলে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন হবে না। এ সমস্যারও সমাধান হবে না; বরং চুক্তি–পূর্ববর্তী পর্যায়ে পৌঁছে যাব। সেটা হবে ভয়ংকর।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক খায়রুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন। এ সময় আরও বক্তব্য দেন ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক মুশতাক হোসেন।