সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করল আইনজীবীদের একাংশ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যবৃন্দের ব্যানারে ‘তলবি সাধারণ সভা’ করেছেন আইনজীবীদের একাংশ
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যবৃন্দের ব্যানারে ‘তলবি সাধারণ সভা’ ডেকে সমিতির নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে আইনজীবীদের একাংশ। আজ বৃহস্পতিবার সমিতির হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।

এর আগে আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদের ২৯ মার্চ সই করা এক বার্তায় জানানো হয়, সমিতির চলমান অচলাবস্থা এবং সংকট নিরসনের জন্য সমিতির সংবিধানের ১৭(৩)(এ) অনুচ্ছেদ অনুযায়ী সমিতির সদস্যরা একটি তলবি সাধারণ সভা আহ্বান করেছেন।  

সভায় আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদকে আহ্বায়ক এবং আইনজীবী শাহ্ আহমেদ বাদলকে সদস্যসচিব করে ১৪ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে বলে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ১৫-১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। কমিটির সদস্য সচিব শাহ্ আহমেদ বাদলের সই করা বিজ্ঞপ্তিতে সভার সিদ্ধান্ত তুলে ধরা হয়েছে। এতে জানানো হয়, মোহাম্মদ মহসিন রশিদকে আহ্বায়ক এবং শাহ্ আহমেদ বাদলকে সদস্য সচিব করে ১৪ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সমিতির সংবিধান অনুযায়ী অপশন ফরম বিতরণ করে ১৫ মের মধ্যে নতুন ভোটার তালিকা প্রণয়ন করবে। ১৪ ও ১৫ জুন সুপ্রিম কোর্ট সমিতির নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে।

এই কমিটি সমিতির সংবিধান অনুযায়ী অপশন ফরম বিতরণ করে ১৫ মের মধ্যে নতুন ভোটার তালিকা প্রণয়ন করবে। ১৪ ও ১৫ জুন সুপ্রিম কোর্ট সমিতির নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে।

সিদ্ধান্তে আরও বলা হয়, প্রধান বিচারপতির সঙ্গে যোগাযোগ, সমিতির ব্যাংক অ্যাকাউন্টসহ সমিতির রুটিন কার্যক্রম পরিচালনা করবে অর্ন্তবর্তীকালীন কমিটি। ১ এপ্রিল থেকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সমিতির সব কর্মকর্তা–কর্মচারী তথা সমিতির অফিস অন্তব৴র্তীকালীন কমিটির নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে।

সভায় সভাপতির বক্তব্যে জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর–উল ইসলাম বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যে দীর্ঘদিনের ঐতিহ্য, সে ঐতিহ্যে যাঁরা কলঙ্ক লেপন করেছেন, তাঁদের সম্পর্কে শোকজ (কারণ দর্শানোর) নোটিশ দেওয়া দরকার। এটি যতক্ষণ না করা যাচ্ছে, ততক্ষণ এই কলঙ্ক মুছে যাবে না। কাজটি অতি সত্বর করা প্রয়োজন বলে আপনারা সবাই কি মনে করেন না? এ সময় সভায় উপস্থিত আইনজীবীরা ‘একমত’ ‘একমত’ বলে ওঠেন।

এর আগে ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন (২০২৩-২৪) হয়। এর মধ্যে ১৩ মার্চ নির্বাচন পরিচালনাসংক্রান্ত উপকমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. মনসুরুল হক চৌধুরী ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এ অবস্থায় নির্বাচন পরিচালনার উপকমিটির আহ্বায়ক হিসেবে মো. মনিরুজ্জামানকে মনোনীত করেন সমিতির সভাপতি, সম্পাদকসহ নেতৃত্বে থাকা আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। পাল্টা হিসেবে বিএনপি-সমর্থিত আইনজীবীরা এ এস এম মোকতার কবির খানকে আহ্বায়ক মনোনীত করেন।

পাল্টাপাল্টি এই অবস্থানের মধ্যে আওয়ামী লীগপন্থীদের মনোনীত আহ্বায়ক ভোটের কার্যক্রম শুরু করতে গেলে বাধা দেয় বিএনপিপন্থী আইনজীবীরা। বিএনপিপন্থী কিছু আইনজীবী ব্যালট পেপার ছিনিয়ে নেন। এ নিয়ে ১৪ মার্চ রাতে সমিতি ভবনে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এর রেশ ভোটের প্রথম দিনে অর্থাৎ ১৫ মার্চ সকাল থেকেই দেখা যায়।

নির্বাচন পরিচালনাসংক্রান্ত কোন উপকমিটির মাধ্যমে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ হবে, এমন প্রশ্নে তর্কে জড়ায় দুই পক্ষ। এর কিছুক্ষণ পর পুলিশ গিয়ে আইনজীবী ও সাংবাদিকদের পিটিয়ে সমিতির মিলনায়তন (ভোটকেন্দ্র) থেকে বের করে দেয়। পুলিশের হামলায় আইনজীবী, সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হন। উপকমিটির আহ্বায়ক নিয়ে বিএনপি–সমর্থিত প্যানেলের প্রার্থীদের আপত্তি এবং এর জেরে ভাঙচুর, পুলিশের পিটুনি, হট্টগোল ও ধাক্কাধাক্কির মধ্যে ১৫ ও ১৬ মার্চ ভোট হয়।

আনুষ্ঠানিক নির্বাচন বর্জনের ঘোষণা না দিলেও নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। এদিকে ১৬ মার্চ রাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদের সব কটিতেই জয় পায় আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলের আইনজীবীরা।