
বিধি প্রণয়ন না করে ঢাকা ওয়াসার পানির দাম নির্ধারণ বেআইনি ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে এ–সংক্রান্ত আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পানির দাম নতুন করে বাড়ানো যাবে না।
হাইকোর্টের রায় স্থগিত চেয়ে ঢাকা ওয়াসার পক্ষে করা আবেদনের শুনানি নিয়ে বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। তবে ঢাকা ওয়াসার কর্মীদের ‘পারফরম্যান্স বোনাস’ হিসেবে প্রণোদনা দেওয়া অবৈধ ঘোষণার রায়ের অংশবিশেষ স্থগিত করা হয়নি।
কোনো বিধি প্রণয়ন না করে ঢাকা ওয়াসার পানির মূল্য নির্ধারণ করা এবং কর্মীদের পারফরম্যান্স বোনাস দেওয়ার বৈধতা নিয়ে গত বছরের ৩১ জুলাই কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষে স্থপতি মোবাশ্বের হোসেন একটি রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে একই বছরের ১৬ আগস্ট হাইকোর্ট রুলসহ আদেশ দেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ১৬ মার্চ হাইকোর্ট রায় দেন।
হাইকোর্টের রায়ে বিধিবহির্ভূতভাবে পানির মূল্য নির্ধারণ ও পারফরম্যান্স বোনাস দেওয়া অবৈধ ঘোষণা করা হয়। এ রায় স্থগিত চেয়ে ওয়াসার পক্ষ থেকে আবেদন করা হয়, যা বুধবার চেম্বার আদালতে শুনানির জন্য উঠে।
আদালতে ওয়াসার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে ক্যাবের জ্বালানিবিষয়ক উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম নিজেই শুনানি করেন।
পরে ঢাকা ওয়াসার আইনজীবী এ এম মাছুম প্রথম আলোকে বলেন, বিধি প্রণয়ন ছাড়া ঢাকা ওয়াসার পানির মূল্য নির্ধারণ অবৈধ ঘোষণা–সংক্রান্ত রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন চেম্বার আদালত। পূর্ণাঙ্গ রায় পেলে নিয়মিত লিভ টু আপিল করা হবে। আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে পানির দাম নির্ধারণ করা যাবে না বলে আদেশ দিয়েছেন চেম্বার আদালত। সর্বশেষ নির্ধারিত মূল্যে পানির দাম আদায় করা যাবে। পারফরম্যান্স বোনাস দেওয়া অবৈধ ঘোষণার বিরুদ্ধে স্থগিতাদেশ দেননি চেম্বার আদালত।