
দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ-সৌদি আরব এই অংশীদারত্বকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
আজ বৃহস্পতিবার জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তাঁদের আলোচনায় এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জেদ্দায় ২৩তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ অধিবেশনের ফাঁকে তাঁদের সাক্ষাৎ হয়। এ সময় সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটি চিঠি পররাষ্ট্র প্রতিমন্ত্রী তুলে দেন সৌদি পররাষ্ট্রমন্ত্রীর হাতে।
বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব সফরের ফলে বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত সহযোগিতা এগিয়ে নেওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে। তিনি ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্ভাব্য উচ্চপর্যায়ের সফরের প্রসঙ্গটিও উল্লেখ করেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তিনি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর ক্রমবর্ধমান আগ্রহের কথা উল্লেখ করে তিনি বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পৃক্ততা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের মূল্যবান ভূমিকারও প্রশংসা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান।