হাওরে এখন পর্যন্ত ৯০ শতাংশ ধান কাটা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। এ ছাড়া এ বছর বোরোতে রেকর্ড ২ কোটি ২০ লাখ টনের মতো চাল উৎপাদিত হবে বলে আশা করছেন তিনি।
আজ রোববার দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বোরো ধান নিয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব তথ্য জানান। এ সময় কৃষিসচিব ওয়াহিদা আক্তার, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংস্থাপ্রধানেরা উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘চলতি ২০২২-২৩ অর্থবছরে দেশে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৪৯ লাখ ৭৬ হেক্টর জমি। আবাদ হয়েছে প্রায় ৫০ লাখ হেক্টর জমিতে। এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা ২ কোটি ১৫ লাখ মেট্রিক টন চাল। মাঠে ধানের অবস্থা ভালো, হাওরের ধানও ভালোভাবে কাটা গেছে। আশা করছি, লক্ষ্যমাত্রার চেয়ে ১০ লাখ টন বেশি চাল উৎপাদিত হবে।’
আব্দুর রাজ্জাক বলেন, ‘মেশিনে ধান কাটায় হাওরের ধান দ্রুত কাটা সম্ভব হয়েছে। এই মুহূর্তে হাওরের ৭টি জেলায় ৩ হাজার ৮০০ কম্বাইন হারভেস্টার ও ৬৭০টি রিপার দিয়ে ধান কাটা চলছে। পাকা ধান দ্রুত কাটার জন্য আমরা ৭০ শতাংশ ভর্তুকিতে হাওরে কম্বাইন হারভেস্টার দিয়ে যাচ্ছি। শ্রমিকের মজুরি এখন বেশি ও শ্রমিকসংকট রয়েছে। মেশিনে ধান কাটায় দ্রুততার সঙ্গে ধান কাটা যাচ্ছে। একই সঙ্গে ধান কাটায় খরচ কম হচ্ছে। সব দিক বিবেচনায় কৃষকেরা এর সুফল পাচ্ছেন।’
ধানের দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, কৃষকেরা ভালো দাম পাচ্ছেন। ধান কাটার পরই খেত থেকে ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা মণ দরে কৃষকেরা ধান বিক্রি করতে পারছেন।
মন্ত্রী বলেন, অনেকেই কৃষির উন্নয়নকে উন্নয়ন মনে করেন না। স্থানীয় জনপ্রতিনিধিদের অনেকেই মনে করেন, উন্নয়ন মানে শুধু রাস্তাঘাটের উন্নয়ন, স্কুল-কলেজের বিল্ডিং বানানো। বিগত ১৪ বছরে কৃষিতে অভাবনীয় উন্নয়ন হয়েছে। সরকার হাওরের কৃষককে ধান কাটার যন্ত্র দিচ্ছে, অর্থাৎ একটা যন্ত্রের দাম ২৮ লাখ টাকা হলে ২০ লাখ টাকা সরকার আর কৃষক মাত্র ৮ লাখ টাকা দিচ্ছে। এটি একটি বিরাট উন্নয়ন।
মন্ত্রী জানান, হাওরভুক্ত সাতটি জেলা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়ার হাওরে এ বছর বোরো আবাদ হয়েছে ৪ লাখ ৫২ হাজার হেক্টর জমিতে। আর এই ৭ জেলায় মোট বোরো আবাদ হয়েছে (হাওর ও হাওরের বাইরে উঁচু জমি মিলিয়ে) ৯ লাখ ৫৩ হাজার হেক্টর জমিতে, উৎপাদন লক্ষ্যমাত্রা ৪০ লাখ টন চাল।
এখন পর্যন্ত হাওরে ৯০ ভাগ বোরো ধান কাটার মধ্যে সিলেটে ৯১ ভাগ, মৌলভীবাজারে ৯৭ ভাগ, হবিগঞ্জে ৮০ ভাগ, সুনামগঞ্জে ৯৬ ভাগ, কিশোরগঞ্জে ৮০ ভাগ, নেত্রকোনায় ৯৬ ভাগ ও ব্রাহ্মণবাড়িয়ায় ৯২ ভাগ ধান কাটা হয়েছে।