‘বিএনপি নেতা সালাহউদ্দিন দেশে আসবেন, অসুবিধা কী’

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন
প্রথম আলো ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ দেশে আসবেন, অসুবিধা কী? এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

ভারতের মেঘালয় রাজ্যে অনুপ্রবেশের মামলায় ১ মার্চ শিলংয়ের আপিল আদালতের রায়ে বেকসুর খালাস পান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এ কারণে ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে অবস্থানরত বিএনপি নেতার দেশে ফেরায় আর কোনো বাধা থাকল না।

ভারত ও কাতার সফর শেষে ঢাকায় ফিরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আব্দুল মোমেন বলেন, ভারতে কারও সঙ্গে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের বিষয়ে আলোচনা হয়নি। এটা নিয়ে আলোচনার কিছু নেই। বিদেশে বাংলাদেশের কেউ জেল খাটলে সাজা ভোগ করে দেশে ফিরে আসেন। সালাহউদ্দিন আহমদও আসবেন। অসুবিধা কী? এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই।

২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন আহমদ। নিখোঁজের ৬৩ দিন পর ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে স্থানীয় পুলিশ তাঁকে উদ্ধারের পর প্রথমে একটি মানসিক হাসপাতালে এবং পরে শিলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। ২০১৫ সালের ১১ মে ভারতে অনুপ্রবেশের দায়ে তাঁর বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা করে শিলংয়ের পুলিশ।

সালাহউদ্দিন আহমদ ২০১৮ সালের ২৬ অক্টোবর শিলংয়ের নিম্ন আদালতে খালাস পান। কিন্তু ভারত সরকার আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করে। ১ মার্চ আপিল আদালতের রায়ে তাঁকে বেকসুর খালাস দিয়ে মামলা দ্রুত নিষ্পত্তি করার আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে দ্রুত দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করার নির্দেশনা দেন আদালত।