চট্টগ্রামে শিশু খুনের আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন করে কাজির দিঘী কাজী বাড়ি সমাজ উন্নয়ন পরিষদ। গতকাল বেলা ২টায় চট্টগ্রাম নগরের সাগরিকা মোড়ে
ছবি: জুয়েল শীল

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে দশ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর খুনের মামলায় গ্রেপ্তার আসামি মোহাম্মদ রুবেলের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নগরের পাহাড়তলী সাগরিকা মোড়ে এই মানববন্ধন করেন স্থানীয় লোকজন।

মানববন্ধনে বক্তারা বলেন, আসামি রুবেলের বিরুদ্ধে করা মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। তার ফাঁসি কার্যকর করতে হবে। নইলে এই ধরনের ঘটনা বারবার ঘটবে। এ ছাড়া বক্তারা শিশুটি নিখোঁজের পরপরই থানা-পুলিশকে খবর দেওয়া হলেও তারা কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানান।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা ছাত্রলীগের সহসভাপতি রাহেদ আলম, স্থানীয় বাসিন্দা কাজী আনিস উল্লাহ, এরশাদ উল্লাহ, আরাফাত রুবেল প্রমুখ।

বিড়ালছানা আনতে বের হয়ে নিখোঁজের আট দিনের মাথায় গত বুধবার সকালে নগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী মুরগি ফার্ম এলাকার একটি ডোবা থেকে বস্তাবন্দী লাশটি উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ রুবেল (৩০) নামের এক সবজি বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

নগরের পাহাড়তলী থানার কাজীর দিঘি এলাকায় পরিবারের সঙ্গে থাকত শিশুটি। স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী সে। ২১ মার্চ বিড়ালছানা আনতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। এ ঘটনায় তার মা বাদী হয়ে পাহাড়তলী থানায় জিডি করেন। থানা-পুলিশ মামলা না নেওয়ায় শিশুটির মা বাদী হয়ে গত মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামে মামলা করেন। এতে শিশুটির বাসার পাশের সবজি বিক্রেতা মোহাম্মদ রুবেলকে আসামি করা হয়।