ডিক্যাবের আলোচনায় স্পিকার: লৈঙ্গিক সমতা নিশ্চিত করার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব

নারী দিবস উপলক্ষে ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী
ছবি: প্রথম আলো

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীদের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রাম এবং নারী ক্ষমতায়নের সুদীর্ঘ ইতিহাস রয়েছে। লৈঙ্গিক সমতা নিশ্চিত করার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব।

আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষে বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিজিটঅল: ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ফর জেন্ডার ইকুয়ালিটি’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার এসব কথা বলেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশের সংবিধান নারী–পুরুষের জন্য সমান অধিকারের কথা বলেছে। কিন্তু অর্থনৈতিক বঞ্চনার কারণে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বৈষম্য দেখা দেয়। কাজেই অন্যান্য ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার পূর্বশর্ত হচ্ছে অর্থনৈতিক ক্ষমতায়ন।

অনুষ্ঠানে কানাডার হাইকমিশনার লিলি নিকোলাস বলেন, নারীর অধিকারের বিষয়ে সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। গণমাধ্যমে নারীর অংশগ্রহণ বাড়ানো জরুরি। তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতার উদ্যোগ ‘ফ্রি মিডিয়া কোয়ালিশন’ বাংলাদেশে নারী সাংবাদিকতার বিকাশে কাজ করবে। এ উদ্যোগ লিঙ্গসমতার বিষয়ে সচেতনতার বিষয়ে কাজ করছে।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর হাতে ক্রেস্ট তুলে দেন ডিক্যাবের সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস

বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে বলেন, ভবিষ্যতে ডিজিটাল প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি যেমন অনেকের জন্য সম্ভাবনার দুয়ার খুলে দেবে, তেমনটি অন্যদের জন্য বঞ্চনাও সৃষ্টি করতে পারে। ডিজিটাল গণমাধ্যমে ব্যাপকহারে বিদ্বেষ ছড়ানোর প্রসঙ্গ টেনে সুইডেনের রাষ্ট্রদূত বলেন, ডিজিটাল জগতে সবার জন্য সুযোগ তৈরির লক্ষ্যে কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত, যাতে করে সবাই এর সদ্ব্যবহার করতে পারে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মাশফি বিনতে শামস, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোহেলী সাবরীন ও ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার।

কূটনীতিতে বিশেষ অবদানের জন্য সাবেক কূটনীতিক নাসিম ফেরদৌস ও মাজেদা রফিকুন্নেসাকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা দেয় ডিক্যাব। তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

ইশরাত জাহান ঊর্মির সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস। মূল প্রবন্ধ পাঠ করেন উইমেন জার্নালিষ্ট নেটওয়ার্ক, বাংলাদেশ–এর সমন্বয়কারী আঙ্গুর নাহার মন্টি।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়, দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ডিক্যাবের সদস্যরা মূল্যবান মতামত প্রদান করেন। এ সময় ডিক্যাবের সাবেক ও বর্তমান নেতা এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।